ওয়েবসাইটে অনলাইন রেডিও
ওয়েব জগতে প্রতিনিয়তই জনপ্রিয় হচ্ছে অনেক কিছু। জীবন যাপনেও মিশে যাচ্ছে সেসব। এসবের মধ্যে অনলাইন রেডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশি অনলাইন রেডিওগুলো শুনছেন অনেকেই। বিশ্বের যেকোনো জায়গায় বসে সহজে পছন্দসই বাংলা গান শোনা যাচ্ছে। কিছু রেডিওতে সর্বশেষ খবর পাওয়া যাচ্ছে লিখিত আকারে। এ ধরনের নানা সুবিধা নিয়ে আমাদের দেশেই রয়েছে বেশ কয়েকটি অনলাইন রেডিও।শুধু তথ্য বা বিনোদন নিয়ে রয়েছে অনলাইন রেডিও লেমন২৪ (www.lemon24.com)। ওয়েবসাইটের পাশাপাশি এই রেডিওর গান শোনা যায় মুঠোফোনেও। ইন্টারনেট রেডিওর বড় একটি সুবিধা হচ্ছে মাল্টিমিডিয়া ও সরাসরি যোগাযোগ, যা শুধু গান শোনাই নয়, দেয় তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের সুযোগও। এ ছাড়া গান সম্পর্কে করা যায় সরাসরি মন্তব্য এবং পছন্দের গান অনুরোধ করতে পারছেন।দারুণ সব বাংলা গান শোনার সুবিধা রয়েছে রেডিও গুনগুনে (www.radiogoongoon.com)। নতুন নতুন বাংলা গান শোনা যায় এই রেডিওতে। তবে মজার বিষয় হচ্ছে, এসব রেডিওতে শুধু গানই নয়, রয়েছে শ্রোতাদের নিয়ে নানা অনুষ্ঠান। বিভিন্ন অনুষ্ঠানের জন্য রয়েছেন কথাবন্ধুরা। অনলাইন রেডিও হচ্ছে প্রকৃত বেতারকেন্দ্রের প্রতিচ্ছবি। শুধু গান চালানো নয়, এসব রেডিওতে রয়েছে কথাবন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়াসহ নিজের কথা জানানোর সুযোগও। অনুরোধের প্রিয় গান শোনার পাশাপাশি প্রিয়জনের উদ্দেশে গান ডেডিকেটও করা যায় এসব রেডিওতে। দেশের বাইরের প্রবাসী অনেক শ্রোতাই এখন নিয়মিতভাবে শোনার সুযোগ পাচ্ছেন বাংলার জনপ্রিয় সব গান।অনলাইন রেডিও হচ্ছে এমন একটি মাধ্যম, যেখানে আপনি একাধারে ফেসবুক, ব্লগ ও বিনোদন—সবই পাবেন। যেকোনো বার্তা অনেকের কাছে পাঠাতে অনলাইন রেডিও হতে পারে চমৎকার একটি মাধ্যম। আমাদের দেশের পরিচালতি অনলাইন রেডিও শুধু দেশ থেকে নয়, দেশের বাইরে থেকেও পরিচালনা করছেন অনেক প্রবাসী। ‘অনলাইনে আপনার মঞ্চ’ এমন স্লোগানে বেলজিয়ামে বসে তেমনি একটি অনলাইন রেডিওর পরিচালনা করছেন এক প্রবাসী দম্পতি। বাংলাদেশ অনলাইন রেডিও (www.bangladeshonlineradio.com) নামের এই রেডিওতে বাংলায় গান শোনা ও গাওয়া, নাগরিক সাংবাদিকতা, নতুন বন্ধু খোঁজা আর ব্লগ লেখার সুযোগ রয়েছে। রয়েছে এক ধরনের রেকর্ডিং সফটওয়্যার, যার মাধ্যমে খুব সহজে কথা ধারণ করে পাঠিয়ে দিতে পারবেন যেকোনো অংশগ্রহণকারী। পাশাপাশি সারা দেশে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিল্পী, যাঁরা সুযোগের অভাবে উঠে আসতে পারছেন না, তাঁরা গান প্রচার করতেও পারবেন এই রেডিওতে। অনলাইন রেডিওতে নিয়মিত গান শোনেন মরিসাসে কর্মরত প্রবাসী কাব্য আহমেদ। তিনি জানান, দেশের বাইরে বসে বাংলা গানের জন্য আমি নিয়মিত অনলাইন রেডিও শুনি। প্রবাসীদের জন্য এটা দারুণ একটা ব্যাপার বলেও উল্লেখ করেন তিনি। অনলাইন রেডিওর কল্যাণে প্রিয় সব গান শোনার ব্যাপারটি উপভোগও করছেন অনেকেই। মাঝে মাঝে এসব রেডিওতে আয়োজন করা হয় সরাসরি অনুষ্ঠানের, যেখানে ফোন করে শ্রোতারা কথা বলতে পারেন। অনলাইন রেডিওর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের শ্রোতাদের একবিন্দুতে মিলিত করা সম্ভব আর প্রিয় বাংলা গানকে প্রবাসীদের কাছে পৌঁছানোর মাধ্যমে দেশের প্রতি টানকেও করা যায় শক্ত। এমন সব সেবা নিয়ে রয়েছে অনুভূতি (www.onubhuti.com) নামের আরেকটি অনলাইন রেডিও। অনলাইন রেডিওর মাধ্যমে সৃষ্টি হচ্ছে নতুন এক মিডিয়া, যার মাধ্যমে দেশের সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরা এবং প্রবাসী বাঙালিদের জন্য বাংলাদেশকে আরও একধাপ কাছে নিয়ে যাওয়া সম্ভব। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দারুণ আগ্রহ রয়েছে অনলাইন রেডিওর প্রতি। নতুন বা পুরোনো বাংলা গানগুলোকে ধরে রাখার জন্য অনলাইন রেডিওর ভূমিকাও বেশ ভালো। শুধু গানই নয়, বিভিন্ন ধরনের সর্বশেষ সংবাদের আপডেট, নতুন খবরও থাকে এসব রেডিওতে। বাংলা শিল্প ও সংস্কৃতির নতুনতম উপাদানসহ দেশের সংস্কৃতি জগতে ঘটে যাওয়া সবকিছু সারা বিশ্বের বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছে দিতে অনলাইন রেডিও বিশেষ ভূমিকা রাখতে পারে। এমন লক্ষ্য নিয়ে রয়েছে বাংলা ওয়েডিও (www.banglawadio.com) নামের আরেকটি রেডিও। সঠিকভাবে কাজে লাগিয়ে অনলাইন রেডিকেও যে একটি শক্তিশালী মাধ্যম করা যায়, তা এসব রেডিওর নানা আয়োজনে দেখা যায়। দেশ, অঞ্চলসহ সব সীমানা ছাড়িয়ে অনলাইন রেডিওই প্রথম সারা বিশ্বকে এক কাতারে নিয়ে এসেছে। যেখান থেকেই সম্প্রচার হোক, তা অন্তর্জালের মধ্য দিয়ে ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্বে। যদিও দেশ-সীমার বাইরেই এর পরিচয়, পরিচয়টা গ্লোবাল, তবু বাংলাদেশ বা বাংলা গানভিত্তিক অনলাইন রেডিও নিয়ে কথা বলাই যায়। তবে কারিগরি জ্ঞানসম্পন্ন তরুণেরাই এখন পর্যন্ত নিজ উদ্যোগে, স্বল্প পুঁজিতে এই কার্যক্রমে জড়িত, যা অনেকটাই সীমাবদ্ধ। জনপ্রিয় বাংলা গানের জন্য আরেকটি রেডিও হচ্ছে রেডিও ঢাকা (www.radiodhaka.net)। এই রেডিওতেও শোনা যায় জনপ্রিয় সব প্রিয় বাংলা গান। ‘স্টে টিউনড’ স্লোগানে রয়েছে রেডিও টু ফান (www.radio2fun.com)। এখানেও গান শোনার পাশাপাশি পাওয়া যাবে শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা বাংলা গানের তালিকা, অনলাইন গেম খেলাসহ কথাবন্ধুদের সঙ্গে সরাসরি আড্ডা দেওয়ার সুযোগ। প্রিয় গান শোনার সুযোগ আর বিভিন্ন শিল্পীর অ্যালবামের খবর, সংগীতসংক্রান্ত খবরসহ দিনের সেরা গানের খবর পাওয়া যাবে রেডিওনেটে (www.radionet24.com)|