ওয়েবসাইটে চাষবাসের খবরাখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাষবাসের উন্নত প্রযুক্তি, এ-সংক্রান্ত বিভিন্ন আলোচনা, কর্মশালা, সেমিনার, গবেষণা ইত্যাদি খবরাখবর জানা যাবে কৃষিতথ্য সার্ভিসের (এআইএস) ওয়েবসাইট (www.ais.gov.bd.com) থেকে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষিতথ্য সার্ভিস একটি স্বতন্ত্র সংস্থা। এর মাধ্যমে কৃষিতথ্য ও প্রযুক্তি গ্রামীণ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়। ওয়েবসাইটে ইভেন্ট ও আপডেট, মিডিয়া, অন্যান্য, প্রকাশনা, সংবাদ, ই-কৃষি, এআইএস, গ্যালারিসহ বিভিন্ন বিভাগ রয়েছে। ইভেন্ট ও আপডেটে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণের বিস্তারিত তথ্য রয়েছে। মিডিয়া বিভাগে বেতার ও টেলিভিশনে প্রচারিত কৃষিবিষয়ক অনুষ্ঠানগুলোর অডিও ও ভিডিও ফাইল রাখা হয়েছে। এখান থেকে প্রয়োজনে যেকোনো ফাইল নামানোর (ডাউনলোড) সুবিধা তো থাকছেই।বিভিন্ন এলাকায় চাষ উপযোগী ফসলের খবরাখবর জানা যাবে। এ ছাড়া এ বিভাগে রয়েছে বিভাগীয় কর্মকর্তাদের নাম, ঠিকানা ও ফোন নম্বর নিয়ে টেলিফোন নির্দেশিকা, জাতীয় কৃষিনীতি, সিটিজেন চার্টার, আবহাওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব সহিষ্ণু আগাম ও স্বল্প মেয়াদি ফসলের জাত ও প্রযুক্তি উদ্ভাবনবিষয়ক খসড়া নীতিমালাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। প্রকাশনা বিভাগে পাওয়া যাবে কৃষিতথ্য সার্ভিস থেকে প্রকাশিত কৃষি কথা ও সম্প্রসারণ বার্তায় প্রকাশিত নিবন্ধ, কৃষি ডায়েরিতে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের নাম ও ফোন নম্বর। ই-কৃষি বিভাগে রয়েছে প্রাণিসম্পদ, মৎস্যসম্পদ, অর্থকরী ফসলের বিস্তারিত চাষাবাদ পদ্ধতি; যা একজন কৃষিজীবীর জন্য যেমন সহায়ক হবে তেমনি যাঁরা শৌখিনভাবে চাষবাসে আগ্রহী, তাঁদের জন্যও বেশ কাজে দেবে।  নিজস্ব প্রতিবেদক