ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয় ভর্তির তথ্য ও নির্দেশিকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হচ্ছে। ৫ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এটি চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। ভর্তির বিভিন্ন তথ্য এবং নির্দেশিকা (প্রসপেক্টাস) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) থেকে নামানো (ডাউনলোড) যাবে। ওয়েবসাইটের বাম পাশের অ্যাডমিশন মেন্যুতে ক্লিক করলেই এসব তথ্য পাওয়া যাবে। এর নোটিশ অংশে রয়েছে ভর্তি বিজ্ঞপ্তি এবং প্রসপেক্টাস অংশে ভর্তি নির্দেশিকা।বিজ্ঞপ্তিতে বিজ্ঞান, কলা ও মানববিদ্যা, ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান ও আইন অনুষদ এবং ইনস্টিটিউট অব ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সেস, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ও জীববিজ্ঞান অনুষদে ভর্তির যোগ্যতা তুলে ধরা হয়েছে। এ ছাড়াও এখান থেকে জানা যাবে ভর্তি ফি, প্রবেশপত্র নামানোর নিয়ম, ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি। মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটকের খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে ভর্তির আবেদন করার নিয়ম-কানুনও বর্ণনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ভর্তি নির্দেশিকায় রয়েছে আটটি ইউনিটে ভর্তির যাবতীয় নিয়মাবলী। এখানে কী কী বিষয়ে মোট কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে, পাসের নম্বর ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে। নিজস্ব প্রতিবেদক