ওয়েবে নতুন সাজে এবিসি রেডিও
এবিসি রেডিও, এফএম ৮৯.২ বাংলাদেশের এফএম (ফ্রিকোয়েন্সি মডিউলেশন) রেডিওগুলোর মধ্যে আজ জনপ্রিয় একটি নাম। সারা দিন খবর, নানা ধরনের বিনোদন, জরুরি বার্তাসহ আরও নানা আয়োজন থাকে এই রেডিও স্টেশনটিতে। আর তাই তো শ্রোতাদের কাছে এর জনপ্রিয়তা বেড়েছে অনেকগুণ। এবিসি রেডিওর নানা আয়োজন সরাসরি শুধু শ্রোতারাই শুনবেন না, ইন্টারনেট ব্যবহারকারীরাও শুনতে পারবেন। সম্প্রতি বেসরকারি এই বেতারকেন্দ্র তার ওয়েবসাইটটি (www.abcradiobd.fm) নতুনরূপে সাজিয়েছে।এবিসি রেডিওর বার্তা ও অনুষ্ঠান বিভাগের প্রধান এম সানাউল্লাহ জানান, এবিসি রেডিওতে নানা ধরনের অনুষ্ঠান প্রচার করা হয়। এটি শুধু খবর প্রচার করে না, পাশাপাশি বিনোদনের নানা খবরসহ দরকারি বিষয় প্রচার করে। তিনি আরও বলেন, ‘এমন অনেকেই আছেন, যাঁরা এবিসি রেডিওর নেটওয়ার্ক পান না। আবার অনেকেই দেশের বাইরে থাকেন। এসব শ্রোতার কথা চিন্তা করে আমাদের ওয়েবসাইটটি নতুনভাবে চালু করা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরাও সহজেই এর সঙ্গে যুক্ত হতে পারবেন।’ এ ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে বাঙালিয়ানা। এ জন্যই এর পেজে বাংলা লোকজ মোটিফ ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।এবিসি রেডিওর ওয়েবসাইট থেকে অনুষ্ঠানসূচি সম্পর্কে জানতে পারবেন একজন শ্রোতা। এখান থেকে খবরের সময় জেনে নিতে পারবেন। আবার এবিসি রেডিওতে প্রচারিত বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও বিশেষ অনুষ্ঠানের সময়সূচি জানা যাবে। এখানে বাংলা লেখার মাধ্যমে প্রতিটি অনুষ্ঠানের বিষয়বস্তু ও আয়োজন সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে।যাঁরা এফএমে এবিসি রেডিও শুনতে পান না, তাঁদেরও নিরাশ হওয়ার কিছু নেই। এবিসি রেডিওতে প্রচারিত সর্বশেষ বাংলা ও ইংরেজি সংবাদ এ ওয়েবসাইটে আপলোড করা হয়; সঙ্গে পাওয়া যাবে এবিসি রেডিওর বিশেষ আয়োজন ‘মিঠেকড়া’। নানা আয়োজন নিয়ে চালু হওয়া এই ওয়েবসাইটের আরও একটি বড় সুবিধা হচ্ছে, এবিসি রেডিওতে প্রচারিত সংবাদ এখানে লিখিত আকারেও দেখা যাবে। ফলে আপনি যদি শুনতে না পারেন, তাহলে ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন সর্বশেষ সংবাদটি।রেডিওর কথাবন্ধুদের নিয়ে অনেকের আগ্রহের শেষ নেই। যে মানুষটি সারাক্ষণ কথায় কথায় রেডিও মাতিয়ে রাখছেন, কেমন দেখতে তিনি—এ প্রশ্ন মনে আসতেই পারে। এ কথা মাথায় রেখে এবিসির ওয়েবসাইটে কথাবন্ধুদের নামের সঙ্গে সঙ্গে ছবিও দেখা যাবে।রেডিওতে শুধু কথাই শোনা যায়। ইস্! যদি দেখা যেত, কেমন হতো! এবার এবিসি রেডিওর ওয়েবসাইটের ছবিঘর থেকে দেখে নিতে পারবেন এবিসির নানা আয়োজনের ছবিও! এখানে এবিসিতে আসা অতিথিদের সঙ্গে সঙ্গে জনপ্রিয় অনুষ্ঠানগুলোর ছবি দেখা যাবে।এবিসি রেডিওতে প্রচারিত কোনো জনপ্রিয় অনুষ্ঠান শুনতে না পারার কারণে হয়তো অনেকবার আফসোস করতে হয়েছে আপনাকে। একটি প্রচারিত অনুষ্ঠান আবারও শুনতে ইচ্ছা করছে আপনার; কিন্তু উপায় কী? এবার আর এসব কারণে আফসোস করতে হবে না। চলে যান এবিসির ওয়েবসাইটে। এর সংগ্রহশালা থেকে বেছে নিন আপনার পছন্দের অনুষ্ঠানটি। এরপর ডাউনলোড করে নিন। ব্যস, এবার নিশ্চিন্তে শুনুন!এবিসি রেডিওর বার্তা ও অনুষ্ঠান বিভাগের প্রধান এম সানাউল্লাহ জানান, শিগগিরই আরও নানা আয়োজন চালু হচ্ছে এবিসির ওয়েবসাইটে। এখান থেকে সপ্তাহের জনপ্রিয় গান বাছাই করা হবে। পাশাপাশি গানের অনুরোধ জানানো, কথাবন্ধুদের সঙ্গে গল্প করাসহ আরও মজার মজার বিভাগ চালু করা হবে এবিসি রেডিওর ওয়েবসাইটে। এবার এফএম মাধ্যমের সঙ্গে সঙ্গে ইন্টারনেট মাধ্যমেও এবিসির সঙ্গে থাকুন সব সময়!