ওয়েবে সরাসরি!
ভাবুন তো গ্রামে কিংবা শহরে বসেই একটি অনুষ্ঠান করছেন আর সে অনুষ্ঠান সরাসরি ইন্টারনেটের মাধ্যমে দেশের বাইরে থাকা আপনার প্রিয়জন উপভোগ করছে একই সঙ্গে! কেমন হয়? দূরত্ব কোনো বাধা নয় এ ধরনের আয়োজনে। যেকোনো অনুষ্ঠান বা আয়োজন সহজে শেয়ার করতে পারবেন দূরের কোনো প্রিয়জনের কাছে। সে সুবিধাটি সম্ভব হয় অনুষ্ঠানটি সরাসরি ওয়েবসাইটে সম্প্রচারের মাধ্যমে। বাংলাদেশে কমজগত্ নামে একটি প্রতিষ্ঠান এ কাজটি করছে। সরাসরি ইন্টারনেটে প্রচারের এ উদ্যোগের ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াহিদ বলেন, ‘আমাদের দেশে ব্যাপারটি নতুন হলেও বিশ্বে এটি অনেক দিন ধরেই চলে আসছে। ইন্টারনেটের মাধ্যমে সরাসরি অডিও, ভিডিও বা দুটোই সম্প্রচার করার কাজটি করা হয় স্ট্রিমিং প্রযুক্তির মাধ্যমে। ফলে একজন ব্যবহারকারীকে বড় ফাইল নামাতে (ডাউনলোড) হয় না।অনুষ্ঠান www.video.comjagat.com ঠিকানার ওয়েবসাইটে জমা হয়। যেখানে জমতে থাকা বিশাল আর্কাইভ যে কেউ দেখতে পারবে আবার মন্তব্য করতে পারবে মাতৃভাষা বাংলায়। যখন কোনো অনুষ্ঠান সম্প্রচার করা হবে, তখন যেকোনো ওয়েব ব্যবহারকারি এখানে মতামত দেওয়ার সুযোগও পাবেন। এখন পর্যন্ত নানা ধরনের প্রযুক্তি অনুষ্ঠান সরাসরি ইন্টারনেটে প্রকাশ করেছে কমজগত্, যার মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ায় কম্পিউটার কাউন্সিলের ভূমিকা শীর্ষক সেমিনার, ডিজিটাল স্বাক্ষর ও ই-পেমেন্ট সেমিনার, বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০০৯ উল্লেখযোগ্য বলেজানালেন আবদুল ওয়াহিদ। বিশেষ সেবা প্রদান করায় বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০০৯-এ বিশেষ সম্মাননা পুরস্কার পায় এ প্রতিষ্ঠানটি। সরাসরি ইন্টারনেটে প্রকাশের মাধ্যমে নানা ধরনের গুরুত্বপূর্ণ সম্মেলনে প্রবাসী বাঙালিরাও অংশগ্রহণ ও মতামত দেওয়ার সুযোগ পাচ্ছে। যার মধ্যে গত বছরের ডিজিটাল বাংলাদেশ সামিটের প্রাক সম্মেলন অধিবেশনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাদেশিদের অনুষ্ঠান উপভোগ এবং অংশগ্রহণ অন্যতম। আবদুল ওয়াহিদ জানান, এ ধরনের উদ্যোগের ফলে বিশ্ব-বিদ্যালয়গুলোর সেমিনার, সম্মেলন, নবীনবরণ, আলোচনা অনুষ্ঠান, জনকল্যাণমূলক অনুষ্ঠান, উন্নয়ন কর্মসূচি, সরকারি ও বেসরকারি সভা, কর্মশালা, যেকোনো ধরনের মেলা, রপ্তানিমুখী বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠান, স্কুল-কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী, গ্রামের মেলা, ষাঁড়ের লড়াই, নৌকা বাইচ, বিয়ে, গায়েহলুদ, জন্মদিনসহ পারিবারিক ও সামাজিক উৎসব-অনুষ্ঠান সহজে ওয়েবসাইটে সরাসরি প্রকাশের মাধ্যমে যেমন অনেককেই যুক্ত করা যায় আবার এটি ভিডিও করেও পরবর্তী সময়ে দেখাও যাবে। এ ছাড়া স্বাস্থ্যসেবার ক্ষেত্রে চিকিৎসক এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলের রোগীদের মধ্যে সহজে এ মাধ্যম ব্যবহার করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।