ওয়েল পার্ক রেসিডেন্সের সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গত মঙ্গলবার ওয়েল পার্ক রেসিডেন্স আয়োজন করে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ, শোভাযাত্রা, রক্তদান ও আলোচনা অনুষ্ঠানের। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় নগরের ও আর নিজাম রোড ওয়েল পার্ক রেসিডেন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এম মন্জুর আলম।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের ইউনিট ব্যবস্থাপক মো. সাইফুল রহমান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম বিভাগীয় প্রধান মো. বেনজির বিন ইসলাম খান, ওয়েল গ্রুপের পরিচালক মো. আসিফ হাসান, ওয়েল পার্ক রেসিডেন্সের মহাব্যবস্থাপক এস এম সাহাব উদ্দিন, রেড ক্রিসেন্ট রক্ত দানকেন্দ্রের ইনচার্জ মিনহাজ উদ্দিন তাহের প্রমুখ। সভাপতিত্ব করেন ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘চট্টগ্রাম শুধু একটি বন্দর নগর নয়, একটি পর্যটন নগরও বটে। তাই পর্যটনশিল্প বিকাশে চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারেও আমাদের এগিয়ে আসতে হবে।’ একই সঙ্গে তাঁরা আমাদের পর্যটনশিল্পের সার্বিক বিকাশে বিভিন্ন ঐতিহ্য-সংস্কৃতির লালন, সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতার ওপরও জোর দেন। বক্তারা সুন্দরবনের ঐতিহ্য রক্ষায় একটি সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রস্তাব দেন। তাঁরা বলেন, ‘সম্প্রতি এখানে নানাভাবে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। যখন বিশ্বের সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবনকে তুলে ধরতে চাচ্ছি, ঠিক সেই মুহূর্তে এ ধরনের আত্মঘাতী কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিজস্ব প্রতিবেদক