বিশ্বনন্দিত ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের এক টেরাবাইট ধারণক্ষমতার হার্ডডিস্ক এসেছে প্রযুক্তি বাজারে। এতে সহজেই সংরক্ষণ করা যায় দুই লাখ উচ্চমানের ছবি অথবা ৭৬ ঘণ্টা পর্যন্ত এইচডি মুভি। পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ডেস্কটপ পিসির জন্য নির্ভরযোগ্য এই হার্ডডিস্কটির দাম ১২ হাজার টাকা। আসুসের তৃতীয় প্রজন্ম নোটবুক: বিশ্বখ্যাত আসুস এন-সিরিজের তৃতীয় প্রজন্মের নোটবুক এসেছে বাজারে। বিনোদনের পাশাপাশি ত্রি-মাত্রিক অ্যাপ্লিকেশন এবং গেম খেলার জন্য উপযুক্ত এটি। এতে রয়েছে ওয়্যারলেস ল্যান, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, তিনটি ইউএসবি পোর্ট প্রভৃতি। আসুস সনিকমাস্টার প্রিমিয়াম প্রযুক্তির এই নোটবুকটির মাধ্যমে উচ্চমাত্রার এবং উন্নতমানের শব্দ উপভোগ করা যায়। দাম ৮৯ হাজার ৯০০ টাকা। এমএসআই মাদারবোর্ড: এমএসআই ব্র্যান্ডের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের প্রসেসর-সমর্থিত মাদারবোর্ড পাওয়া যাচ্ছে বাজারে। এটি ৩২ জিবি পর্যন্ত র্যাম সমর্থন করে। এতে রয়েছে চারটি ডিডিআর থ্রি র্যাম সংযোজনের জন্য স্বতন্ত্র ডিআইএমএম সকেট। দাম ছয় হাজার ৭০০ টাকা। নিজস্ব প্রতিবেদক