কংক্রিট পুনর্ব্যবহার করে টেকসই দালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো ভবনের কংক্রিট পুনর্ব্যবহারে মাধ্যমে পরিবেশদূষণ ও নির্মাণ-খরচ কমানোর উপায় উদ্ভাবন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) দুই তরুণ গবেষক আসাদুজ্জামান খান ও কায়সার আহমেদ।দুই গবেষকের সঙ্গে কথা বলে জানা যায়, সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বাড়লেও বাড়ছে না ভূমি। ফলে আবাসন সমস্যা মেটাতে পুরোনো ভবন ভেঙে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। এতে নতুন নির্মাণসামগ্রীর ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে কংক্রিটের বর্জ্য। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণাপত্র সূত্রে জানা যায়, বিশ্বে প্রতিবছর ভবন, সেতু, মহাসড়ক, বাঁধসহ বিভিন্ন স্থাপনা নির্মাণে গড়ে ১২ বিলিয়ন টন কংক্রিট প্রয়োজন হয়। যার জন্য দরকার হয় ১০ বিলিয়ন টন ইট ও পাথর (অ্যাসরিগেট)। এর ফলে নির্মাণকাজের জন্য ইট তৈরি ও পাথর উত্তোলনের সময় পরিবেশ দূষিত হচ্ছে। পাশাপাশি পুরোনো ভবনের কংক্রিটের বর্জ্যও নষ্ট করছে পরিবেশের ভারসাম্য।তাই পরিবেশদূষণ ও নির্মাণ-ব্যয় কমাতে নতুন ইট-পাথরের সঙ্গে পুরোনো ভবনের ইটের একাংশও ব্যবহারের কথা ভেবেছেন এই দুই গবেষক। জানা যায়, পুরোনো কংক্রিট সাধারণত ফেলে দেওয়া হয়। এর কোনো বাজারমূল্য নেই। তাই নতুন ইট বা পাথরের সঙ্গে পুরোনো ইট ব্যবহার করলে নির্মাণ খরচ কমবে। কংক্রিটের পুনর্ব্যবহার সম্পর্কে গবেষকেরা জানান, পুরোনো ইট-পাথর বর্জ্য হিসেবে ফেলার কারণে দূষিত হচ্ছে পরিবেশ। তাই নতুন ইটের সঙ্গে পুরোনো ইট মিশিয়ে কংক্রিটের সিলিন্ডার ও ব্লক তৈরি করলে কার্বন-ডাই-অক্সাইড কম নিঃসরণ হবে। ফলে একদিকে পরিবেশদূষণ, অপরদিকে নির্মাণ-খরচ কমবে।গবেষকেরা আরও জানান, নতুন ও পুরোনো ইট-পাথরের কোন অনুপাতের মিশ্রণে তৈরি কংক্রিটের ব্লক টেকসই হবে তা নিয়েও তাঁরা গবেষণা করেছেন। গবেষণায় দেখা গেছে, বিভিন্ন অনুপাতের মিশ্রণের মধ্যে ৭৫ ভাগ নতুন এবং ২৫ ভাগ পুরোনো ইটের মিশ্রণে তৈরি ব্লক সবচেয়ে টেকসই। এ প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, নতুন ইট বা পাথরের সঙ্গে ২৫ শতাংশ পুরোনো ইট মিশিয়ে যে কংক্রিট পাওয়া যায় তা দিয়ে টেকসই ও উঁচু ভবন নির্মাণ করা সম্ভব।এই দুই প্রকৌশলীর গবেষণার তত্ত্বাবধানে ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মাহমুদ ওমর ইমাম। এ প্রসঙ্গে তিনি প্রথম আলোকে জানান, নতুন ইটের সঙ্গে ২৫ শতাংশ পুরোনো ইট ব্যবহার করলে কম খরচে গ্রহণযোগ্য শক্তিবিশিষ্ট কংক্রিট তৈরির পাশাপাশি পরিবেশদূষণও কমানো সম্ভব।