কংগ্রেস-আন্না আবার মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার মাঠে নামার হুমকি দিয়েছেন আন্না হাজারে। বলেছেন, জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা সরকার (ইউপিএ) লোকসভার আগামী শীতকালীন অধিবেশনে লোকপাল বিল পাস না করলে তিনি সাধারণ মানুষকে নিয়ে আবার ঝাঁপিয়ে পড়বেন দুর্নীতিবিরোধী আন্দোলনে।আন্না বলেছেন, লোকপাল বিল পাস না হলে তিনি উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে নামবেন। উত্তর প্রদেশের রাজধানী লক্ষেৗতে তিনি তিন দিনের এক অনশনে যোগ দেবেন। আগামী বছর উত্তর প্রদেশসহ পাঁচটি রাজ্যে বিধানসভার নির্বাচন হওয়ার কথা। অন্য রাজ্যগুলো হলো উত্তরাখন্ড, পাঞ্জাব, গুজরাট ও গোয়া। আন্না বলেছেন, লোকপাল বিলের বিরোধিতা করার জন্য কংগ্রেসকে ভোট না দেওয়ারও আহ্বান জানাবেন তিনি। দুর্নীতি ইস্যুতে ভারতজুড়ে তোলপাড় তুলে ইতিমধ্যেই সরকারের কাছে ভিলেনে পরিণত হয়েছেন আন্না হাজারে। নতুন এ কর্মসূচির ঘোষণা দুই পক্ষের মধ্যে উত্তেজনার পারদ আবার চড়াবে বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা।আন্না হাজারে পণ করেছিলেন তাঁর দাবিমতো বিধিবিধান যোগ করে লোকপাল বিল পাস না করা হলে মাঠ ছাড়বেন না তিনি। ছাড়েনওনি। সরকারের সর্বোচ্চ মহলের প্রতিশ্রুতি পেয়েই কেবল শেষবারের অনশন ভাঙেন। এর মধ্যে সম্প্রতি ‘মহাত্মা’ উপাধি পেয়ে নিশ্চয়ই তাঁর উৎসাহ বেড়ে গেছে অনেক। যদিও আন্না মহাত্মা উপাধি গ্রহণ করতে রাজি হননি। বলেছেন, ‘আমি এ উপাধির যোগ্য নই। মহাত্মা গান্ধীর বিকল্প নেই। তিনিই মহাত্মা।’ আন্না হাজারে মহাত্মা গান্ধী নন, এ কথা যেমন সত্যি, তেমনি সত্যি দুর্নীতির বিরুদ্ধে তাঁর মতো শক্তিশালী আন্দোলন স্বাধীনতা-পরবর্তী ভারতে আর কেউ গড়ে তুলতে পারেননি। শত কোটি ভারতবাসীর মন জয় করে নিয়েছেন ইতিমধ্যে। হয়ে উঠেছেন দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের প্রতীক।‘মহাত্মা’ উপাধি প্রত্যাখ্যান২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে আন্না হাজারের গ্রামের বাড়ি মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধি গ্রামের পঞ্চায়েত এক বৈঠকে তাঁকে ‘মহাত্মা’ উপাধি দেন। এই খবর কানে পৌঁছামাত্রই আপত্তি তোলেন আন্না। জানিয়ে দেন, নিজেকে কখনো গান্ধীর সমতুল্য মনে করেন না। আন্না বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। গান্ধীজি ও আম্বেদকারের মতো মহান নেতার দেখানো পথে চলার চেষ্টা করি। এসব মহাত্মা নিজেদের জীবন দিয়ে যে নৈতিকতা প্রতিষ্ঠা করে গেছেন, সবার উচিত তা মেনে চলা।’আন্নার এ-সংক্রান্ত বার্তা পাওয়ার পর ‘মহাত্মা’ উপাধির প্রস্তাব বাতিল করেন পঞ্চায়েত। ওই দিনই আন্না আগামী বছর অনুষ্ঠেয় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে লোকপাল বিলের সমর্থনে প্রচারাভিযানে নামার ঘোষণা দেন।আন্না হাজারেকে ইদানীং বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করে কথা বলছেন অনেকে। তবে আন্নার কথা, তিনি বা তাঁর আন্দোলনের সঙ্গীরা কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন। নির্বাচনেও দাঁড়াবেন না। রাজনীতির বাইরে থেকেই দেশের আপামর জনসাধারণের উন্নতির জন্য তাঁরা কাজ করে যাবেন। বিজেপিকে সমর্থন করার কথা উড়িয়ে দিয়ে আন্না বলেন, এটা বিরোধীদের প্রচারমাত্র।রাষ্ট্রপতি, মন্ত্রী নয়আন্না হাজারেকে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে চারদিকে জোর গুঞ্জন ছড়িয়েছে। আগামী বছরে বর্তমান রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু আন্না জানিয়ে দিয়েছেন তিনি রাষ্ট্রপতি, মন্ত্রী বা সাংসদ হতে চান না। রাষ্ট্রপতি হওয়ার প্রতি তাঁর কোনো লোভ নেই। ভোটেও লড়তে চান না। ওই সব পদ নিলে তাঁর কাজের ব্যাঘাত ঘটবে। পদ নিয়ে তিনি মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হতে চান না।এবং কংগ্রেসের বার্তালোকপাল বিল দ্রুত পাশের দাবি আদায়ে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে প্রচারে নামার হুমকির জবাব দিয়েছে কংগ্রেস। দলটি বলেছে, পিস্তল ঠেকিয়ে কাজ করানো যাবে না। কংগ্রেস সময়মতোই লোকপাল বিল পাসের উদ্যোগ নেবে। কংগ্রেস-নেতা ও সংসদবিষয়ক মন্ত্রী পবন বনশাল বলেছেন, বিল সংসদে পেশ ও পাস করানোর জন্য আন্না হাজারে যে সময়সীমা বেঁধে দিয়েছেন, তা তাঁরা মানতে রাজি নন। এ ব্যাপারে অযথা চাপ সৃষ্টি করে কোনো লাভ নেই। সরকার যথাসময়েই লোকপাল বিল পাস করবে। পবন বনশাল বলেছেন, আগামী শীতকালীন অধিবেশনেই বিলটি লোকসভায় পেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই কথা বলেছেন আইনমন্ত্রী সলমন খুরশিদ। তিনি বলেছেন, বিলটি যাতে শীতকালীন অধিবেশনে পেশ করা যায়, তার ‘সর্বাত্মক চেষ্টা’ চালানো হচ্ছে।  অমর সাহা