কংগ্রেসে সক্রিয় হচ্ছেন প্রিয়াঙ্কা?

ভারতের ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রধান শরিক কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী দলে বড় ধরনের ভূমিকা পালন করতে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। গত সপ্তাহে দলের সহসভাপতি ও ভাই রাহুল গান্ধীর বাড়িতে কংগ্রেসের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন প্রিয়াঙ্কা গান্ধী। এর পর থেকে এই গুঞ্জন শুরু হয়েছে।
রাহুল গান্ধীর বাড়িতে ওই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা আহমেদ প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ ও জ্যেষ্ঠ নেতা জনার্দন দ্বিবেদী। শহরের বাইরে থাকায় ওই বৈঠকে রাহুল উপস্থিত ছিলেন না। বৈঠকে প্রিয়াঙ্ক অংশ নেওয়ায় অনেকে ধারণা করছেন, তিনি রাজনীতিতে আসছেন। আসন্ন লোকসভা নির্বাচনে ভাই রাহুলকে সহযোগিতা করতেই তাঁর আগমন বলে আপাতত মনে করা হচ্ছে। সোনিয়া ও রাহুল গান্ধী যখন নিজ নিজ আসনের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবেন, তখন অন্য রাজ্যগুলোয় সম্ভবত প্রচারণা চালাবেন প্রিয়াঙ্কা। নয়াদিল্লিতে আজ শুক্রবার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির বৈঠকে রাহুলকে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হতে পারে।
এখানে আরও একটি সম্ভাবনার কথাও উঠে আসছে। তা হলো, লোকসভা নির্বাচনে সোনিয়া গান্ধীর রায় বেরেলি আসনে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা।
তবে কংগ্রেস নেতারা বলছেন, দলের নেতাদের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর বৈঠকের বিষয়টি নতুন নয়। গত মঙ্গলবারের বৈঠকটিও বিশেষ কিছু নয়।
কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদী বলেন, প্রিয়াঙ্কা ভারতের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক পরিবারের সদস্য। ভোটের রাজনীতিতে অংশ নিতে দেখা না গেলেও তিনি কংগ্রেসের একজন সক্রিয় কর্মী। তিনি আমেথি ও রায় বেরেলিতে দলের হয়ে মাঠে কাজ করেছেন। বিভিন্ন রাজনৈতিক বিষয়ে নিজস্ব মতামত দিয়েছেন। দলের খারাপ সময়ে তিনি সব সময়ই পাশে থেকেছেন।
কিন্তু বিভিন্ন গণমাধ্যম বিষয়টিকে দেখছে একটু ভিন্ন দৃষ্টিতে। প্রিয়াঙ্কা গান্ধীর বড় ভূমিকা সামনের দিনগুলোয় দলকে সুবিধাজনক অবস্থানে নিতে সহায়তা করবে বলেই গণমাধ্যমগুলো মতামত প্রকাশ করেছে।
দি ইকোনমিক টাইমস লিখেছে, প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে পুরো সময় দেবেন কি না, কয়েক মাস ধরেই তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। দলের বৈঠকে তাঁর অংশগ্রহণ এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
দ্য ডেক্কান হেরাল্ড লিখেছে, কংগ্রেসের নেতাদের একটি অংশের ধারণা, দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় প্রিয়াঙ্কা যদি বড় ধরনের ভূমিকা পালন করেন, তাহলে তা কংগ্রেসের জন্য খুবই ভালো হবে।
মিন্ট ওয়েবসাইট লিখেছে, বৈঠকে প্রিয়াঙ্কার উপস্থিতি এই আভাস দেয় যে তিনি রাজনীতিতে বড় ধরনের ভূমিকা পালনের প্রস্তুতি নিচ্ছেন। তাঁর এই উদ্যোগ কংগ্রেসে গান্ধী পরিবারের প্রভাবকে শক্তিশালী করবে।
সম্প্রতি চারটি রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে কংগ্রেস গোহারা হেরেছে। এখন রাজনৈতিক বিশ্লেষকেরাও মনে করছেন, প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসে বড় ধরনের ভূমিকা পালন করলে তা আসন্ন লোকসভা নির্বাচনের সময় দলকে সাহায্য করবে।
রাজনৈতিক বিশ্লেষক এন ভাস্কারা রাও জানান, কংগ্রেসে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করা প্রিয়াঙ্কা গান্ধীর জন্য খুবই স্বাভাবিক একটি ব্যাপার। জনগণও এটি প্রত্যাশা করে। এ ছাড়া অনেকের কাছেই মনে হচ্ছে, রাহুল ঠিক জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। সোনিয়া গান্ধীর দুর্বল স্বাস্থ্যও প্রিয়াঙ্কাকে দলের হাল ধরতে বাধ্য করছে।
এ বিষয়টি পরিষ্কার যে কংগ্রেস উভয়সংকটে রয়েছে। যদি প্রিয়াঙ্কা গান্ধী সাধারণ কর্মী-সমর্থকদের দিকে তাকিয়ে লোকসভার ভোটে নামেন, তাহলে এটা স্বীকার করে নেওয়া যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদের প্রার্থী নরেন্দ্র মোদীকে টেক্কা দেওয়ার মতো যোগ্যতা রাহুলের নেই। এ ছাড়া এ ক্ষেত্রে একটি ভীতিও কাজ করছে। প্রিয়াঙ্কা রাজনীতির মাঠে সক্রিয় হলে রাহুলের সঙ্গে তাঁর তুলনা চলে আসতে পারে এবং দলে রাহুল গান্ধীর অবস্থান দুর্বল হয়ে যেতে পারে।
অন্যদিকে, রাজনৈতিক ক্ষেত্রেও পরিবর্তন আনতে চাইছে কংগ্রেস। বিগত দিনগুলোয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি, প্রশাসনিক দুর্বলতা ও দুর্নীতি বেড়ে যাওয়ার কারণে দলটি প্রতিনিয়তই প্রশ্নের মুখে পড়েছে। এসব কারণে নরেন্দ্র মোদীর ছায়ায় অনেকটাই ঢাকা পড়ে গেছেন রাহুল। এখন এর সঙ্গে যোগ হয়েছে আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল।
সম্প্রতি পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা দেখে, মাত্র ১৪ শতাংশ মানুষ বিশ্বাস করে রাহুল গান্ধী ভারতের সেরা প্রধানমন্ত্রী হতে পারেন। ২৫ শতাংশ মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আর নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ৫৮ শতাংশ মানুষ।
এমন পরিস্থিতিতে কংগ্রেসের নেতা-কর্মীদের একটি বড় অংশ চাইছে, দলের বিষয়ে প্রিয়াঙ্কা আরও সক্রিয়ভাবে জড়িয়ে পড়ুক এবং ভোটযুদ্ধে না নামলেও অন্তত লোকসভা নির্বাচনে প্রচারণা চালাক। তাদের বিশ্বাস, জনসভাগুলোয় প্রিয়াঙ্কার সরব উপস্থিতি তাতে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি অনেক কংগ্রেস নেতাই মনে করেন, দলের কৌশল নির্ধারণী বৈঠকেও প্রিয়াঙ্কার উপস্থিতি জরুরি। কারণ, এতে লোকসভার নির্বাচনী প্রচারণায় তা রাহুলকে আরও ভালোভাবে সাহায্য করতে পারবে।
এত দিন রাজনীতির মাঠে নিজের সক্রিয়তা ভাই ও মায়ের নির্বাচনী এলাকা উত্তর প্রদেশের আমেথি ও রায় বেরেলিতেই সীমাবদ্ধ রেখেছিলেন প্রিয়াঙ্কা। কংগ্রেসের নীতিনির্ধারকেরা মনে করেন, ভাইয়ের জন্য প্রিয়াঙ্কা এখন সব জায়গাতেই নির্বাচনী প্রচারণায় নামবেন। প্রিয়াঙ্কা ইতিমধ্যেই মায়ের নির্বাচনী আসন রায় বেরেলিতে কাজে নেমেছেন। এক বছর ধরে তিনি দলের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। মূলত সোনিয়া গান্ধীর অসুস্থতার পর থেকেই নিয়মিত ওই এলাকায় যাতায়াত বাড়িয়েছেন প্রিয়াঙ্কা। কংগ্রেস দুর্গে প্রিয়াঙ্কার নিয়মিত আনাগোনা নতুন করে এই গুঞ্জন ছড়াচ্ছে। মায়ের আসনে তিনি প্রার্থী হিসেবে সরাসরি ভোটযুদ্ধেও নামতে পারেন বলে অনেকে মনে করছেন। এখন এসব জল্পনা-কল্পনা সত্যি হয় কি না, তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।
সূত্র: জি নিউজ, বিবিসি ও রেডিফ ডট কম