কংগ্রেসের জন্য একরাশ হতাশা
এমনটা ভাবতেই পারেনি ভারতের শাসক দল জাতীয় কংগ্রেস। দলটির আশা ছিল এবার তারা বিশেষ করে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশে পরিবর্তন আনবে। ক্ষমতা থেকে সরাবে দলিত নেত্রী কুমারী মায়াবতীকে। আর সেই লক্ষ্য নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছিলেন সোনিয়া তনয় কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। নির্বাচনের ফল তাই তাঁকে রীতিমতো হতাশ করেছে। উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারে দৃশ্যত ভালো সাড়াও পেয়েছিলেন রাহুল। তাঁর ধারণা হয়েছিল, কংগ্রেস হয়তো এই রাজ্যে ফলাফলের নিরিখে অন্তত দ্বিতীয় স্থানে থাকবে। হবে সরকার গড়ার নির্ণায়ক শক্তি। কিন্তু নির্বাচনী ফলাফল উল্টে দিল সব হিসাব-নিকাশ। প্রদেশ থেকে দলিত নেত্রী মায়াবতীর ‘দুঃশাসন’ বিদায় নিল। পরিবর্তনের ঝড়ও উঠল। কিন্তু সেই ঝড় ‘মুলায়ম ঝড়’। ২০১১ সালে পশ্চিমবঙ্গের মমতা ঝড়ের পর উত্তর প্রদেশে উঠল এবার মুলায়ম ঝড়। সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবের তোলা এ ঝড়ে উড়ে গেল দুর্নীতির বেড়াজালে আটকে পড়া মায়াবতীর পাঁচ বছরের শাসন। গত বছরেরই এপ্রিল-মে মাসে ভারতের পাঁচ রাজ্যে সর্বশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ওঠে পরিবর্তনের হাওয়া। এবারের বিধানসভা নির্বাচনেও তাই। তিনটি রাজ্যে কংগ্রেস পুরোপুরি পরাস্ত। উত্তরাখন্ডে বিজেপির সঙ্গে সমানে সমান। শুধু মুখ রক্ষা হয়েছে ক্ষুদ্র মনিপুরে। উত্তর প্রদেশে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, পাঞ্জাবে শিরোমণি আকালি-বিজেপি জোট, উত্তরাখন্ডে বিজেপি-বিএসপি জোট (সম্ভাব্য) এবং গোয়ায় বিজেপি জোট ক্ষমতায় আসছে। জনসংখ্যার দিক থেকে ভারতের সর্ববৃহৎ (এবং এ কারণেই গুরুত্বপূর্ণ) রাজ্য উত্তর প্রদেশের এবারের বিধানসভা নির্বাচন ছিল যেন পশ্চিমবঙ্গেরই আরেকটি সংস্করণ। গত মঙ্গলবার ঘোষিত নির্বাচনের ফলে উঠে আসে উত্তর প্রদেশে মায়াবতীর জমানা শেষের ছবি। পশ্চিমবঙ্গে দীর্ঘ বাম শাসনে ক্লান্ত ভোটাররা যেমন পরিবর্তন চেয়েছেন, তেমনি উত্তর প্রদেশের মানুষ মুক্তি চেয়েছেন মায়াবতীর ‘স্বেচ্ছাচারিতা আর দুর্নীতি’ থেকে। পাঞ্জাবে শিরোমণি আকালি-বিজেপি জোট ক্ষমতা ধরে রাখতে পেরেছে। অন্যদিকে উত্তরাখণ্ডে বিজেপির আসন কমলেও বিএসপিকে নিয়ে টিকে থাকার চেষ্টা চলছে। মনিপুরে নিরঙ্কুশ জয় পেলেও গোয়ায় বিজেপির কাছে হেরেছে কংগ্রেস। এবারের বিধানসভা নির্বাচনে সব চেয়ে বড় দুর্ঘটনা উত্তর প্রদেশে রাহুলের আমেথি আর সোনিয়ার রায়বেরিলি কেন্দ্রে কংগ্রেসের পরাজয়। আবার মনিপুরের টিপাইমুখ আসনে কংগ্রেসের জয়ও অঘটন। রাহুল গান্ধী পরাজয় স্বীকার করে বলেছেন, ‘সব দায় আমার। এই নির্বাচন থেকে আমরা শিক্ষা নেব।’ গত এক বছরের মতো সময়ে পরপর ১০টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলে ফুটে উঠেছে আঞ্চলিক দলের দাপটেরই ছবি। গত বছরের নির্বাচনে পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস ও তামিলনাড়ুতে জয়ললিতার এআইএডিএমকের জয়জয়কার ছিল। এবার একই চিত্র উত্তর প্রদেশ এবং পাঞ্জাবে। উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি আর পাঞ্জাবে আকালি দল চালকের আসনে। রাজনৈতিক মহলে জল্পনা চলছে, তাহলে কি সামনে আঞ্চলিক দলই ভারতের কেন্দ্রীয় সরকার গঠনের নির্ণায়ক শক্তি হিসেবে আবির্ভূত হবে? দেখা যাচ্ছে, এখন প্রায় প্রতিটি রাজ্যেই শক্তিশালী হচ্ছে আঞ্চলিক দল। এই প্রেক্ষাপটে ২০১৪ সালের এপ্রিল-মে মাসে অনুষ্ঠেয় ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন নিয়েও নিঃসন্দেহে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হবে। গত দুই বিধানসভা নির্বাচনের ফল কংগ্রেস ও বিজেপি উভয়ের জন্যই অস্বস্তি বয়ে এনেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি ইত্যাদি ইস্যুতে কংগ্রেস চাপের মুখে। অন্যদিকে বিরোধী বিজেপি সাম্প্র্রদায়িকতার মার্কামারা গন্ধ ও দলীয় অন্তর্দ্বন্দ্বে ভারাক্রান্ত। এ পরিস্থিতিতে কেউ কেউ মনে করছেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপিকে হটিয়ে কোনো প্রভাবশালী আঞ্চলিক দলই কেন্দ্রীয় সরকারের মূল শক্তি হয়ে উঠতে পারে। বলা বাহুল্য, শক্তিশালী দল দুটি বিনাযুদ্ধে ময়দান ছাড়বে না। কংগ্রেস ও বিজেপির এখনো জোর বিশ্বাস, আঞ্চলিক দলের দাপট থাকলেও সর্বভারতীয় দল হিসেবে তাদের নেতৃত্বেই গঠিত হবে কেন্দ্রীয় সরকার। ২০০৭ সালের সর্বশেষ নির্বাচনউত্তর প্রদেশের ৪০৩টি আসনের মধ্যে মায়াবতী পেয়েছিলেন ২০৬টি। মুলায়ম সিংয়ের সমাজবাদী পার্টি ৯৭টি, বিজেপি ৫১টি এবং কংগ্রেস পেয়েছিল মাত্র ২২টি আসন। সরকার গড়েছিলেন মায়াবতী। উত্তরাখণ্ডের ৭০টি আসনের মধ্যে বিজেপি ৩৪টি এবং কংগ্রেস পেয়েছিল ২১টি আসন। সরকার গড়েছিল বিজেপি। পাঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে শিরোমণি আকালি দল এবং বিজেপির এনডিএ জোট পেয়েছিল ৬৮টি আসন। কংগ্রেস পায় ৪৪টি আসন। তবে সরকার গড়ে আকালি-বিজেপি জোট।গোয়া বিধানসভার ৪০টি আসনের মধ্যে কংগ্রেস এবং শরিকেরা জেতে ১৮টি আসনে। বিজেপি জেতে ১৪টি আসন। সরকার গড়ে কংগ্রেস জোট। আর মনিপুরের ৬০ আসনের মধ্যে কংগ্রেস জয়ী হয় ৩০টি আসনে। সরকার গড়ে তারাই। ফলাফল চিত্র এবার নির্বাচন হয়েছে ভারতের পাঁচ রাজ্যে। উত্তর প্রদেশের বিধানসভার ৪০৩টি আসন, পাঞ্জাবের ১১৭, উত্তরাখণ্ডের ৭০টি, মনিপুরের ৬০টি এবং গোয়ার ৪০টি আসনের জন্য নির্বাচন হয়।উত্তর প্রদেশমোট আসন ৪০৩। সমাজবাদী পার্টি ২২৪, বহুজন সমাজ পার্টি ৮০, বিজেপি জোট ৪৭ এবং কংগ্রেস জোট ৩৭। অন্যান্য ১৫।পাঞ্জাবমোট আসন ১১৭বিজেপি-শিরোমণি আকালি দল জোট ৬৮ কংগ্রেস ৪৬, আকালি একক ৫৬, বিজেপি একক ১২, অন্যান্য ৩। উত্তরাখন্ডমোট আসন ৭০, কংগ্রেস ৩২, বিজেপি ৩১, বহুজন সমাজ পার্টি ৩ এবং অন্যান্য ৪মনিপুরমোট আসন ৬০কংগ্রেস ৪২, তৃণমূল কংগ্রেস ৭, সিপিআই ১ এবং অন্যান্য ১০গোয়া মোট আসন ৪০, কংগ্রেস ৯, বিজেপি জোট ২৬ এবং অন্যান্য ৫ অমর সাহা