কংগ্রেসের দুঃসময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কঠিন সময় অতিক্রান্ত করছে ভারতের শাসকজোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএর প্রধান শরিক জাতীয় কংগ্রেস। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিকাংশ সময়ই ছিল এই দলটি। স্বাধীনতার ৬৪ বছরে এসে চরম দুঃসময়ের মধ্য দিয়ে চলছে কংগ্রেস। সবাই জানেন তাদের এই বেহাল অবস্থার মূল কারণ একের পর এক দুর্নীতির অভিযোগ। বিশেষ করে ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতায় আসার পর কংগ্রেস দুর্নীতি কেলেঙ্কারির বেড়াজালে আটকে পড়ছে। সর্বশেষ দুটি ঘটনা কংগ্রেসের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। এক. কংগ্রেসদলীয় দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বিরুদ্ধে কমনওয়েলথ গেমস আয়োজনে দুর্নীতির অভিযোগ ওঠা এবং দুই. দলনেত্রী সোনিয়া গান্ধীর অসুস্থতা।কংগ্রেস নেতৃত্ব রাহুলকে সামনে নিয়ে এসে সোনিয়ার অসুস্থতার বিষয়টি দলীয় স্তরে সামাল দেওয়ার উদ্যোগ নিলেও সংকট সহজে কাটছে না। কারণ, এত দিন কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামাল দিয়েছেন সোনিয়াই। স্বাস্থ্যগত কারণে তিনি বেশ কিছুদিন দলের জন্য আগের মতো সময় দিতে পারবেন না তা স্পষ্ট। তরুণ, অনভিজ্ঞ রাহুল দলে এখনই মায়ের স্থান পূরণ করতে পারবেন, সে আস্থা কংগ্রেসের কারোরই নেই। বিরোধীরা ইতিমধ্যেই দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন চালাচ্ছিল পার্লামেন্ট ও রাজনীতির মাঠ উভয় ক্ষেত্রে। সোনিয়ার অনুপস্থিতি তাদের মোকাবিলায় একটু হলেও মুশকিলে ফেলতে পারে কংগ্রেস ও তাদের মিত্রদের।কংগ্রেস বিরোধীরা ইউপিএ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেলেও সেই আন্দোলন ততটা বেগবান হচ্ছে না। কারণ, বিরোধীরা এখনো পুরোপুরি ঐক্যবদ্ধ হতে পারেনি। এই সুযোগকে এখনো কাজে লাগিয়ে যাচ্ছে কংগ্রেস। কিন্তু প্রশ্ন উঠেছে, কত দিন এভাবে সরকার চালাতে পারবে কংগ্রেস? সত্যি কি দেশে অন্তর্বর্তী নির্বাচন আসন্ন? প্রধান বিরোধী দল বিজেপির নেতা লালকৃষ্ণ আদভানি গত ১০ জুলাই কলকাতায় এক অনুষ্ঠানে বলেন, ২০১৪ সাল পর্যন্ত টিকবে না কংগ্রেস সরকার। আদভানি খোলাখুলিই বোঝাতে চেয়েছেন দেশে অন্তর্বর্তী নির্বাচনের ভালো সম্ভাবনা আছে। এই সরকারের আয়ু আরও প্রায় তিন বছর। কিন্তু দেশজুড়ে এরই মধ্যে চলছে কংগ্রেসবিরোধী হাওয়া। পেট্রলিয়ামজাত পণ্য ও রান্নার গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নতুন রাজ্য গড়ার আন্দোলন, সর্বোপরি বড় দুর্নীতির ঘটনা মনমোহন সিং সরকারকে অস্বস্তিতে ফেলেছে।অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপিতেও রয়েছে দলীয় অন্তর্দ্বন্দ্ব, নেতৃত্বের সংকট। প্রবীণ নেতা অটল বিহারি বাজপেয়ি এখন আর সক্রিয় রাজনীতিতে নেই। দ্বিতীয় শীর্ষ নেতা লালকৃষ্ণ আদভানির বয়সও বেড়েছে। তাঁকে নিয়ে বিজেপি এখনো ভাবলেও রয়েছে দলীয় বিতর্ক। ফলে দেশের দুই প্রধান বড় দলই সংকটের মধ্য দিয়ে চলছে। এত কিছুর পরও কংগ্রেসের জন্য কিছু আশার বিষয়ও আছে। তারা সারা দেশে রাজনৈতিকভাবে বিজেপির চেয়ে অনেক শক্তিশালী। অনেক ভারতীয় এখন কংগ্রেসের ওপর বিরূপ হলেও বিজেপির ওপরও আস্থা আনতে পারেনি। এর বড় কারণ বিজেপির গায়ে ধর্মান্ধতার গন্ধ। অন্তর্দ্বন্দ্ব তো আছেই। কংগ্রেস ১২৬ বছরের পুরোনো দল। অন্যদিকে বিজেপির বয়স মাত্র ৩১। একক ও জোট মিলিয়ে কংগ্রেস এখনো বিজেপির চেয়ে অনেক বেশি রাজ্যের ক্ষমতায়। কংগ্রেস বা তাদের নেতৃত্বাধীন ইউপিএ জোটের হাতে ১৪টি রাজ্য। বিজেপির ক্ষেত্রে এ সংখ্যা মাত্র আট। লোকসভার ৫৪৫টি আসনের মধ্যে কংগ্রেসের আসন ২০৬টি। বিজেপির রয়েছে ১১৬টি আসন। আসনের এত বড় ফারাক ভবিষ্যতে পূরণ করা কঠিন হবে বিজেপির জন্য।কংগ্রেস জানে, রাষ্ট্রীয়ভাবে ধর্মনিরপেক্ষ ভারতে তারাই এখন গোটা দেশে এ আদর্শের পক্ষে বড় শক্তি। ভারতের ধর্মনিরপেক্ষ মানুষ তাদের নিরাশ করবে না। শেষ পর্যন্ত পাশে থাকবে। এই বিশ্বাস নিয়েই দুঃসময়ের মধ্যেও আশার আলো জ্বালিয়ে রেখেছে দলটি।