তিন বছরের জেলা কমিটি পার করছে ১০ বছর। উপজেলা কমিটি এবং তৃণমূলেও একই অবস্থা। তার ওপর ক্ষমতায় থাকার সাড়ে চার বছরে পাওয়া না-পাওয়া নিয়ে নেতা-কর্মীদের মধ্যে রয়েছে ক্ষোভ। সেই ক্ষোভ আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন খোদ দলের জ্যেষ্ঠ নেতারাও।
এদিকে ৩০ সেপ্টেম্বর জেলা সম্মেলন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্মেলনের কাউন্সিলর নির্বাচন নিয়ে ইতিমধ্যে বিরোধে জড়িয়ে পড়েছেন নেতারা। নির্বাচনের আগে জ্যেষ্ঠ নেতাদের এমন আচরণে হতাশ তৃণমূলের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, জেলা কমিটির সর্বশেষ সম্মেলন হয় ২০০৩ সালের ২০ ডিসেম্বর। এতে এ কে এম মোজাম্মেল হক সভাপতি ও সালাহ উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৫ সালের মে মাসে মোজাম্মেল হক মারা গেলে ভারপ্রাপ্ত সভাপতি হন এ কে আহমদ হোসেন।
জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ফরিদুল আলম জানান, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চার আসনের মধ্যে আওয়ামী লীগ পায় দুটি। ১৯৯৬ সালে একটি। আর ২০০১ সালে এসে সব কটিতে হারে আওয়ামী লীগ। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে এসে আবারও ভাগ্যে জোটে একটি আসন। তার অন্যতম কারণ দলীয় কোন্দল আর নেতৃত্ব-শূন্যতা। তাঁর মতে, আগামী নির্বাচনের আগে সম্মেলন করে নতুন নেতৃত্ব তৈরি করা না গেলে কক্সবাজারের সব আসনে হারতে হবে দলকে।
কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, জেলা কমিটি পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে।
সাধারণ সম্পাদকও ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। এ কারণে দলের কার্যক্রম ঠিকমতো পরিচালিত হচ্ছে না।
৭ সেপ্টেম্বর কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর ৩০ সেপ্টেম্বর জেলা কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেন। এ সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরও উপস্থিত ছিলেন।
ওই সময় বীর বাহারদুর বলেন, দীর্ঘ এক দশক ধরে এই জেলায় নতুন নেতৃত্ব নেই। এ কারণে সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। তৃণমূলের নেতা-কর্মীরা হতাশ। ওবায়দুল কাদের বলেন, ৩০ সেপ্টেম্বর সম্মেলন করা না গেলে বর্তমান কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি করে দেওয়া হবে।
নেতা-কর্মীরা জানান, এ পর্যন্ত চারবার পিছিয়েছে সম্মেলনের তারিখ। ৩০ সেপ্টেম্বর সম্মেলন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এখনো কক্সবাজার সদর, মহেশখালী, উখিয়া, কুতুবদিয়া উপজেলা ও মহেশখালী পৌরসভা কমিটির সম্মেলন শেষ হয়নি। সম্মেলনকে কেন্দ্র করে একাধিক উপজেলা কমিটি বিভক্ত হয়ে পড়েছে।
দলীয় সূত্র জানায়, জেলা কমিটির সভাপতি পদ-প্রত্যাশীদের মধ্যে রয়েছেন জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী। আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, রামু উপজেলা কমিটির সভাপতি সোহেল সরওয়ার, ও চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জাফর আলম।
কাউন্সিলর তালিকা নিয়ে বিরোধ: জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে এ কে আহমদ হোসেনের সঙ্গে সালাহ উদ্দিন আহমদের বিরোধ চলছে। এ কারণে কাউন্সিলরের তালিকা তৈরিতে সমস্যা হচ্ছে। অন্যদিকে টেকনাফ, চকরিয়া ও রামুতেও কাউন্সিলর নির্বাচন নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন জ্যেষ্ঠ নেতারা।
সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘বড় দল হিসেবে আওয়ামী লীগে কোন্দল থাকতে পারে। তবে দলকে বিক্রি করে এ পর্যন্ত কোথাও চাঁদাবাজি আর জমি দখল করিনি। উপার্জনের জন্য ব্যবসার কাজে ব্যস্ত থাকলেও দলের কোনো ক্ষতি করিনি।’ তিনি আরও বলেন, ‘এবার নির্ধারিত সময়েই সম্মেলন হবে বলে আশা করছি।’
এ কে আহমদ হোসেন বলেন, এবারের সম্মেলনে ১৮৯ জন কাউন্সিলর ভোট দেবেন। জনসংখ্যার অনুপাতে (১০ হাজারে একজন) উপজেলা ও পৌরসভা থেকে কাউন্সিলরের তালিকা তৈরি করা হবে। যাচাই-বাছাই করে অনুমোদনের জন্য এ তালিকা কেন্দ্রে পাঠানো হবে।