কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচের পরীক্ষা শুরু
কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে গত ৩০ জুন থেকে প্রথম ব্যাচের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শুরু হওয়া প্রথম ব্যাচের এই সেমিস্টার ফাইনাল পরীক্ষায় বিবিএ, এলএলবি, ইংলিশ, হসপিটালিটি অ্যান্ড টুরিজম ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স, এলএলবি (পাস), এমবিএ, এমএ ইন ইংলিশ এবং ইএমবিএ বিভাগের সাড়ে তিন শ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। ১২ জুলাই এই পরীক্ষা শেষ হবে।
বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ বলেন, কক্সবাজারসহ প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন। প্রতিষ্ঠার পর এই বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচে আটটি বিভাগে প্রায় ৪০০ ছাত্রছাত্রী ভর্তি হন। জানা যায়, চলতি জুলাই সেশনে দ্বিতীয় ব্যাচে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগের বিষয় ছাড়াও এখন বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয় হিসেবে যুক্ত হয়েছে বিএসসি ইন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইসলামিক স্টাডিজ অ্যান্ড ইকোনমিকস।