কক্সবাজার উপকূলে ঝাউবাগান রক্ষা করা যাচ্ছে না
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বঙ্গোপসাগর আগ্রাসী রূপ ধারণ করে উপকূল গ্রাস করে নিচ্ছে। আর এতে কক্সবাজার সমুদ্রসৈকতের প্রায় ১০০ কিলোমিটারজুড়ে বন বিভাগের সৃজিত সবুজ বেষ্টনী বা উপকূলীয় ঝাউবাগান একদিকে যেমন রক্ষা করা যাচ্ছে না, পাশাপাশি মানুষের জীবন রক্ষার এই ঝাউগাছগুলোর ওপর দুর্বৃত্তের থাবাও পড়ছে। ফলে উপকূলীয় এলাকা বিলীন ও পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে। গত সোমবার দুপুরে শহরের সমুদ্রসৈকতসংলগ্ন সমিতিপাড়া ও ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টে গিয়ে দেখা গেছে, ১০ থেকে ১২ জন নারী-পুরুষ দা-খুন্তি দিয়ে উপড়ে পড়া ঝাউগাছ কেটে নিচ্ছে। গাছ কাটার কারণ জানতে চাইলে সমিতিপাড়ার মেহের জান (৪৫) বলেন, ‘স্যার, আমরা গরিব মানুষ। গাইবান্ধা থেকে এখানে আশ্রয় নিয়ে কোনোমতে চলছি। এই গাছ বিক্রি করে ১০০ থেকে ১২০ টাকা পাব। তা দিয়ে চলবে ছেলেমেয়েদের খাবার।’ ঝাউগাছ কাটতে আসা কুতুবদিয়াপাড়ার নবী হোসেন (৫৫) ও আবুল হাশেম (৩২) বলেন, ‘স্থানীয় লোকজন রাতের আঁধারে অধিকাংশ গাছ কেটে নিলেও বনকর্মীরা তাদের ধরেননি। এখন আমরা গাছের গোড়ালি তুলে নিচ্ছি।’অনুসন্ধানে জানা গেছে, একইভাবে কক্সবাজার শহরের নাজিরারটেক থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার সৈকতজুড়ে সৃজিত ঝাউবাগানের (হিমছড়ি, বড়ছড়া, পেঁচারদিয়া, সোনাপাড়া, মাদারবুনিয়া, ছেপটখালী, বাইনখালী, মনখালী, বাহারছড়া, বড়ডেইল, শাপলাপুর, জাহাজপুরা, টেকনাফ, মহেশখালীয়াপাড়া, নয়াপাড়া, কাটাবুনিয়া, শাহপরীর দ্বীপ) হাজার হাজার গাছ এভাবে উজাড় হচ্ছে। পরিবেশবাদী সংগঠন ‘কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ’-এর সভাপতি দীপক শর্মা জানান, উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে প্রাণে রক্ষার জন্য সরকার সৈকতজুড়ে এই ঝাউবাগানের সবুজ বেষ্টনী সৃষ্টি করেছে। কিন্তু বন বিভাগের নিষ্ক্রিয় ভূমিকার কারণে ভূমিদস্যুরা হাজার হাজার ঝাউগাছ কেটে বনভূমি দখলে নিচ্ছেন। মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গাসহ হাজার হাজার মানুষ ঝাউবাগানের ভেতরে অবৈধ বসতি গড়ে তুলে সমুদ্র উপকূলে চিংড়ির পোনা ধরছেন। চিংড়ির পোনা ধরার নিষিদ্ধ জাল বসানোর জন্য সৈকতজুড়ে পুঁতে রাখা হচ্ছে হাজার হাজার গাছের খুঁটি। সংরক্ষিত বনাঞ্চল ও সবুজ বেষ্টনী উজাড় করে এসব খুঁটির জোগান দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও ইনানীর রক্ষিত বনাঞ্চল সহায়ক কমিটির সভাপতি মোস্তাক আহমদ জানান, কতিপয় বন কর্মকর্তা-কর্মচারী এই গাছ কাটার সঙ্গে জড়িত রয়েছেন। ইনানী বন রেঞ্জ কর্মকর্তা সাজেদুল ইসলাম এ অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও সমুদ্রের করাল গ্রাসে বিপুল পরিমাণ ঝাউগাছ পড়ে যাচ্ছে। এসব গাছ উদ্ধার করে নিলামে বিক্রি হচ্ছে। আর ঝাউবাগানের ভেতর অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা হলেও পরবর্তী সময়ে আবার বসতি শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার শহরের নাজিরারটেক থেকে উখিয়া উপজেলার মনখালী পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার সৈকতে সৃজিত ঝাউবাগানের তত্ত্বাবধান করছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। এসব এলাকার ঝাউগাছ বিলীন ও নিধন প্রসঙ্গে জানতে চাইলে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ বলেন, গাছ চুরি ঠেকাতে বন বিভাগের নিয়মিত টহল অব্যাহত রাখা হয়েছে। উখিয়ার মনখালী থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত আরও প্রায় ৫০ কিলোমিটার সৈকতে সৃজিত ঝাউবাগানের তত্ত্বাবধান করে উপকূলীয় বন বিভাগ। গাছ চুরি প্রসঙ্গে জানতে চাইলে এই বন বিভাগের কক্সবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক বলেন, ‘মনখালী থেকে টেকনাফ পর্যন্ত সৃজিত বাগানের কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে ঝাউগাছ কাটার খবর পাচ্ছি। দুর্গম এলাকা বলে নিয়মিত অভিযানও পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া সমুদ্রের ভাঙনেও অনেক ঝাউগাছ উপড়ে পড়ছে। এসব গাছের কিছু অংশ আমরা উদ্ধার করে নিলামে বিক্রির চেষ্টা করছি।’