কক্সবাজার উপকূলে জেলেদের নিষিদ্ধ জালে আটকা পড়ে মারা যাচ্ছে শত শত কচ্ছপ। তারা হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গভীর সমুদ্র থেকে বালুচরে ডিম দিতে আসে। কচ্ছপের পাশাপাশি মারা যাচ্ছে ছোট ছোট অসংখ্য ডলফিনও। গত ডিসেম্বর মাসে সোনাদিয়া, নাজিরারটেক, মহেশখালী, কুতুবদিয়া, ইনানী, মনখালী, বাহারছড়া, টেকনাফ, শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপসহ বিভিন্ন উপকূলে অন্তত ৫০০ মৃত কচ্ছপ ও ২০ থেকে ২৫টি ডলফিন ভেসে ওঠে। সাগরেও অসংখ্য মৃত কচ্ছপ ও ডলফিন ভাসছে বলে জানান জেলেরা। ১০০ কিলোমিটারের সাগর উপকূলে কয়েক হাজারের বেশি নিষিদ্ধ জাল ফেলে রাখায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।গত সোমবার সকালে শহরের নাজিরারটেক, ফদনারডেইল উপকূল ঘিরে দেখা গেছে, সৈকতে পড়ে রয়েছে তিনটি মরা কচ্ছপ ও একটি ডলফিন। কয়েকটি কুকুর মরা কচ্ছপ ও ডলফিন নিয়ে টানাটানি করছে।স্থানীয় জেলে কামাল আহমদ (৪৭) জানান, প্রতিদিন জোয়ারের সময় পাঁচ-সাতটি কচ্ছপ ও এক-দুটি করে ডলফিন ভেসে আসছে। বালুচরে আটকা পড়া মরা কচ্ছপ কুকুর খেয়ে ফেলে। অনেক সময় পচে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন মৃতদেহ বালুচরে পুঁতে ফেলেন। সরেজমিনে ইনানী, টেকনাফ, প্যাঁচারদ্বীপ, হিমছড়ি সৈকত ঘুরে এসে পরিবেশবাদী সংগঠন ‘কক্সবাজার বাঁচাও আন্দোলন’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়াছুর রহমান জানান, এসব অঞ্চলে শতাধিক মৃত কচ্ছপ ও ১২টি ছোট আকৃতির ডলফিন পড়ে থাকতে দেখা গেছে। গভীর সাগরে জালে আটকা পড়লে জেলেরা গর্ভবতী কচ্ছপকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে সাগরে নিক্ষেপ করছে। ডলফিনের ক্ষেত্রেও তাই হচ্ছে। পরে জোয়ারের পানিতে মৃত কচ্ছপ ও ডলফিনগুলো সৈকতে ভেসে আসে।তিনি জানান, মা কচ্ছপ ও সামুদ্রিক প্রাণী সুরক্ষার জন্য উপকূলে জেলেদের ফেলা নিষিদ্ধ জাল দ্রুত উচ্ছেদ করা দরকার। পাশাপাশি নিরীহ প্রাণী কচ্ছপ ও ডলফিন জালে আটকা পড়লে জীবিত ছেড়ে দেওয়ার ব্যাপারে জেলেদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। মৃত কচ্ছপগুলো ‘অলিভ রিডলে’ বা জলপাই রং প্রজাতির। প্রতিটির ওজন ১৫ থেকে ২০ কেজি। দৈর্ঘ্য ৬৩ থেকে ৭০ ও প্রস্থ ৬২ থেকে ৬৭ সেন্টিমিটার। সম্প্রতি স্পিডবোটে চড়ে সমুদ্রের উপকূলের মহেশখালী চ্যানেল, সোনাদিয়া ও নাজিরারটেক সাগর পরিদর্শন করে দেখা যায়, পাঁচ শতাধিক নিষিদ্ধ বিহিঙ্গি জাল ফেলা হয়েছে। এসব জালে আটকা পড়ে নিহত কয়েকটি কচ্ছপ সাগরে ভাসতে দেখেন। প্রতিটা মৃত কচ্ছপের গায়ে নিষিদ্ধ জাল মোড়ানো ছিল। উখিয়ার মনখালী গ্রামের ব্যবসায়ী মোস্তাক আহমদ (৪৪) জানান, মনখালী, ছেপঠখালী, বাহারছড়া উপকূলে কয়েক দিন ধরে ৮-১০টি করে মৃত কচ্ছপ ভেসে আসছে। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান আহমদ জানান, মুন্ডারডেইল, নয়াপাড়া, কচুবনিয়া সৈকতেও গত তিন দিনে পাঁচটি মরা কচ্ছপ ভেসে আসে।পরিবেশ অধিদপ্তরের সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের (সিবিএইসিএ) আওতায় সোনাদিয়া সৈকতের বিভিন্ন স্থানে কয়েকটি হ্যাচারি স্থাপন করে কচ্ছপের ডিম সংরক্ষণ করা হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নেকম (নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট) ও সুখী বাংলা ফাউন্ডেশন যৌথভাবে এসব প্রজননকেন্দ্র বাস্তবায়ন করছে।নেকমের জেলা ব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানান, কচ্ছপের ডিম পাড়ার নিরাপদ স্থান হিসেবে সোনাদিয়া সৈকতকে গণ্য করা হলেও নিষিদ্ধ জালের কারণে এখন ঝুঁকি বাড়ছে। গত বছর এই সোনাদিয়ার প্রায় ১৪ কিলোমিটার সৈকত থেকে সাত হাজারের মতো ডিম সংগ্রহ করে কয়েক হাজার কচ্ছপের বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হয়েছিল। এবার মা কচ্ছপের মৃত্যুর হার বাড়লে ওই সংখ্যা কমে যেতে পারে।মৎস্য বিভাগের একটি সূত্র জানায়, গভীর সাগরে জেলেদের ফেলে রাখা ট্রলিং জাল, বিহিঙ্গি এবং বার্মাইয়া (মিয়ানমারের) নিষিদ্ধ রক ও কারেন্টজালে আটকা পড়ে মা কচ্ছপের মৃত্যু হচ্ছে। কয়েক বছর আগে মৎস্য বিভাগ সরেজমিন অনুসন্ধান করে মা কচ্ছপ রক্ষার জন্য উচ্চ মহলে একটি প্রতিবেদন প্রেরণ করে। প্রতিবেদনে কচ্ছপ সুরক্ষার জন্য বেশ কিছু সুপারিশ করা হয়। কিন্তু এর কোনোটি এখনো বাস্তবায়ন হয়নি। জানতে চাইলে কক্সবাজার সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাঈনুদ্দীন বলেন, ‘উপকূলে ফেলা নিষিদ্ধ জাল উচ্ছেদে শিগগিরই অভিযান চালানো হবে।’