কক্সবাজার ও বাঘাইছড়িতে কঠিন চীবরদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ও বাঘাইছড়িতে যথাযথ ধর্মীয় মর্যাদায় বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবরদান উৎসব পালিত হয়েছে। রীতি অনুযায়ী প্রবারণা পূর্ণিমার মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাস শেষ হয়। এরপর বৌদ্ধ ধর্মের অনুসারীরা তাঁদের চীবর দান করেন। এক রাতের মধ্যে সুতা থেকে কাপড় তৈরি ও রং করে ভিক্ষুদের দান করা হয় বলে একে কঠিন চীবর দান হিসেবে আখ্যায়িত করা হয়।কক্সবাজার: ৩ নভেম্বর বিকেলে কক্সবাজার শহরের বাহারছড়া বৌদ্ধবিহারে কঠিন চীবরদান উৎসব পালিত হয়েছে। এই উপলক্ষে বিহারের অধ্যক্ষ য়ানালংকারা মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন রামুর রামকূট বনাশ্রমের অধ্যক্ষ প্রজ্ঞাবংশ মহাথেরো।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহসম্পাদক সারমিত্র মহাথেরো। সদ্ধর্ম দেশনা দেন পাহাড়তলী উত্তর কুশল্যা বৌদ্ধবিহারের অধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাথেরো, জ্যোতি সুমন ভিক্ষু ও প্রজ্ঞাপাল ভিক্ষু। প্রকৌশলী সুমন বড়ুয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুনীল কুমার বড়ুয়া। এই উপলক্ষে সকালে বুদ্ধপূজা, সমবেত প্রার্থনা, বাহারছড়া বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ প্রয়াত উচেন্দিমা মহাথেরোর স্মরণে মহাসংঘদান, ভিক্ষুসংঘকে পিণ্ডদান, দুপুরে অতিথি আপ্যায়ন, সদ্ধর্মসভা, বিকেলে চীবর পরিক্রমা ও উৎসর্গ এবং সন্ধ্যায় বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়।বাঘাইছড়ি: ৯ নভেম্বর শুক্রবার উৎসবমুখর পরিবেশে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ভাবনাকেন্দ্রে নানা কর্মসূচির মধ্য দিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার নারী-পুরুষ ভাবনাকেন্দ্রের অধ্যক্ষ কল্যাণমিত্র যোগাসিদ্ধি মহাস্থবিরকে বিভিন্ন সামগ্রী দান করেন। কঠিন চীবরদানের কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধপূজা, প্রদীপপূজা, কল্পতরু আনয়ন, ভিক্ষুসংঘের ধর্মদেশনা।শুক্রবার দুপুরে উদ্বোধনী সংগীতের পর কঠিন চীবরদান ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আয়োজক কমিটির সহসভাপতি ধীরসেন চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য সুজিত দেওয়ান ও খাগড়াছড়ি জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রিয় বিকাশ চাকমা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, খেদারমারা ইউনিয়ন পরিষদের সদস্য বিল্টু চাকমা।এর আগের দিন ৮ নভেম্বর ভাবনাকেন্দ্রের অধ্যক্ষ যোগাসিদ্ধি মহাস্থবির বেইনঘর (তাঁতঘর) উদ্বোধন করেন। বেইনঘরে সারা রাত বৌদ্ধ ধর্মের অনুসারীরা বেইন বা কোমর তাঁতে ভিক্ষুদের জন্য চীবর তৈরি করেন। চীবর দান উৎসব দেখতে ভারতের মিজোরাম থেকে এসেছিলেন সীতা দেবী চাকমা। তিনি বলেন, যোগাসিদ্ধি ভান্তেকে দেখতে ১৪ দিন আগে এসেছি। আমরা ভান্তের ভক্ত।