কক্সবাজার কমার্স কলেজে নবীনবরণ উৎসব
‘কক্সবাজার কমার্স কলেজ তিন বছর ধরে এইচএসসি পরীক্ষার ফলাফলে জেলার অন্য ১৬টি কলেজকে পেছনে ফেলে শতভাগ পাসের শ্রেষ্ঠ স্থান অর্জন করে আসছে। আমরাও কঠোর পরিশ্রম করে আগামী দিনে সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেষ্টা করব। অন্যথায় আলোকিত মানুষ হওয়া থেকে আমরাও বঞ্চিত হব। আজকের এই উৎসবে যোগ দিয়ে আমরা এই অঙ্গীকার করছি।’ ২৬ অক্টোবর সকালে শহরের রুমালিয়ার ছড়ার একটি সামাজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার) এসব কথা তুলে ধরেন কলেজের প্রথম বর্ষের ছাত্রী ফারজানা আকতার। ওই দিন ছিল কলেজের প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান—নবীনবরণ উৎসব। কলেজের অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষাবিদ মোশতাক আহমদ, অধ্যাপক মমতাজুল ইসলাম, অধ্যাপক জাফর আলম, অধ্যাপক মো. ইউসুফ, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, মোহাম্মদ জাহাঙ্গীর, আবু তাহের প্রমুখ। দ্বিতীয় বর্ষের ছাত্রী রুমাইয়া চৌধুরী বলে, ‘গত বছর এভাবেই নতুন হিসেবে আমাদের বরণ করা হয়। আজ আমরা নতুনদের বরণ করে নিচ্ছি।’ অভিভাবক ও পৌরসভার কাউন্সিলর নাজ তাহেরা বলেন, ‘এই কলেজটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে বলেই সুনাম ছড়াচ্ছে। লেখাপড়াও ভালো হচ্ছে বলে আমার এক মেয়েকে ভর্তি করিয়েছি।’ কলেজের অধ্যক্ষ ফজলুল করিম বলেন, ব্যবসা-বাণিজ্যে এই জেলার ছেলেমেয়েদের এগিয়ে নিতে কক্সবাজার শহরে একটি কমার্স কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন ছিল প্রবল। কলেজটি প্রতিষ্ঠার পর সেই স্বপ্ন যেমন পূরণ হয়েছে, তেমনি কয়েক বছর ধরে শতভাগ পাস করে শ্রেষ্ঠত্ব অর্জন করায় মনোবাসনাও পূর্ণ হয়েছে।