কক্সবাজার গণগ্রন্থাগারে চোর-আতঙ্ক
কক্সবাজার সরকারি গণগ্রন্থাগারে চোর-আতঙ্ক দেখা দিয়েছে। একশ্রেণীর লোক পড়ার নামে গ্রন্থাগারে ঢুকে বই ও পত্রিকার পাতা কেটে নিয়ে যাচ্ছে। চুরি হচ্ছে বইপত্র। গ্রন্থাগারে পড়তে আসা শিক্ষার্থীরা এতে সমস্যায় পড়ছেন। বই চুরি বন্ধে নজরদারি করার মতো লোকবল নেই বলে গ্রন্থাগার সূত্রে জানা গেছে। জনবলসংকট থাকায় সহকারী গ্রন্থাগারিককে একাই করতে হচ্ছে অনেক কাজ। গত ৩০ ডিসেম্বর বেলা ১১টায় গ্রন্থাগারে গিয়ে দেখা গেছে, ৩২ জন শিক্ষার্থী বই পড়ছেন। কথা হয় কক্সবাজার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র জুনায়েদুল রাজ্জাকের সঙ্গে। তিনি বলেন, ‘প্রয়োজনের সময় বই খুঁজে পাওয়া যায় না। বই খুললেই কাটা পাতা দেখা যায়।’ কলেজছাত্র মো. সাইফুদ্দিন বলেন, ‘প্রায়ই দৈনিক পত্রিকার পাতা কাটা পাওয়া যায়।’ কক্সবাজার সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র নুরুন্নবী আল হামিদ জানান, বিশাল এই গ্রন্থাগারে তথ্যপ্রযুক্তির কোনো বই নেই। একটি কম্পিউটার থাকলেও সেটি দীর্ঘ সময় ধরে অচল। দৈনিক পত্রিকায় প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি কেটে নিয়ে যায় একশ্রেণীর পাঠক। গ্রন্থাগারটি পরিচ্ছন্ন নয় বলে অভিযোগ পাঠকদের। শৌচাগারে পানি না থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পাঠকক্ষে। সহকারী গ্রন্থাগারিক আবুল কালাম আজাদ বলেন, ‘গ্রন্থাগারিক ও জ্যেষ্ঠ সহকারী গ্রন্থাগারিকের পদ দুটি দীর্ঘ সময় ধরে শূন্য। একমাত্র কর্মচারীও কয়েক দিন ধরে ছুটিতে। নজরদারি না থাকায় অনেকে দৈনিক পত্রিকা ও বইয়ের পৃষ্ঠা কেটে নিচ্ছে। তাই সারাক্ষণ চোর-আতঙ্কে থাকতে হয়।’ তিনি জানান, লোকবলসংকট দূর হলে পাঠাগারের অব্যবস্থা অনেকটাই কেটে যাবে। উল্লেখ্য, গ্রন্থাগারে বর্তমানে ২৫ হাজার ৫৫০টি বই রয়েছে। প্রতিদিন ১১টি জাতীয় ও একটি স্থানীয় দৈনিক পত্রিকা রাখা হয়। দৈনিক ২০০ পাঠক আসেন গ্রন্থাগারে।