কক্সবাজার জেলা আ.লীগের সম্মেলন আবার স্থগিত
আট বছরের মেয়াদোত্তীর্ণ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন আবার স্থগিত করা হয়েছে। ৪ অক্টোবর এই সম্মেলন হওয়ার কথা ছিল। এর আগে চার দফা সম্মেলনের তারিখ পেছানো হয়। পঞ্চমবারের মতো সম্মেলন স্থগিত হওয়ায় নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ বলেন, সম্মেলনে নেতা নির্বাচনের জন্য কাউন্সিলর দরকার। জেলার আট উপজেলা ও তিন পৌরসভা থেকে ইতিমধ্যে ২৯৮ জন কাউন্সিলর নির্বাচন করা হয়। এতে অনেকে বাদ পড়ায় সমালোচনা হচ্ছে। তাই চূড়ান্ত কাউন্সিলর তালিকা তৈরির জন্য আরও সময়ের প্রয়োজন। তা ছাড়া ৭ অক্টোবর ঢাকায় প্রধানমন্ত্রী ও দলের প্রধান শেখ হাসিনার সঙ্গে জেলার তৃণমূল নেতাদের সাক্ষাতের কথা রয়েছে। এ কারণে সম্মেলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কাউন্সিলরের তালিকা সংশোধনের পর সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতা বলেন, পরিকল্পিতভাবে এবং নানা অজুহাতে সম্মেলন স্থগিত করা হয়েছে। এতে কিছু নেতা লাভবান হলেও দলের সাংগঠনিক কার্যক্রম আরও ঝিমিয়ে পড়বে। নির্বাচনের আগে এ ধরনের কর্মকাণ্ড দলের জন্য ক্ষতিকর হবে। তবে শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা নেতাদের যে বৈঠক হবে সেখান থেকে নতুন কমিটি ঘোষণা হতে পারে। তবে যাই হোক, নির্বাচনের আগে তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই।
জেলা আওয়ামী লীগের আইন-বিষয়ক সম্পাদক ফরিদুল আলম বলেন, কাউন্সিলর নির্বাচন নিয়ে প্রতিটা উপজেলা কমিটিতে অসন্তোষ বিরাজ করছে। দলের ত্যাগী নেতারাও কাউন্সিলর হতে পারছেন না। অন্যদিকে বিতর্কিত লোকজন কাউন্সিলর হয়েছেন। এ নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তার ওপর এখন সম্মেলন স্থগিত হওয়ায় এ ক্ষোভ আরও তীব্র হবে।