কক্সবাজার জেলা আ.লীগের সম্মেলন নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছরের মেয়াদোত্তীর্ণ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল ৩০ সেপ্টেম্বর। কিন্তু ওই নির্ধারিত সময়ে সম্মেলন হচ্ছে না। চতুর্থবারের মতো পিছিয়ে সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ অক্টোবর। এখন ভোট আদায়ের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীরা কাউন্সিলরদের দ্বারে দ্বারে ঘুরছেন।

তৃণমূল নেতাদের অভিযোগ, অনেকে পছন্দের নেতাকে জয়ী করতে মোটা অঙ্কের টাকা নিয়ে মাঠে নেমেছেন। অনেকে আবার সম্মেলন পণ্ড করার পরিকল্পনা নিচ্ছেন। সম্মেলনের দিন কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচন হয় কি না সন্দেহ রয়েছে।
সম্মেলনের তারিখ পরিবর্তনের ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বলেন, কেন্দ্রীয় নেতারা সময় দিতে না পারায় ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে সম্মেলনের তারিখ আগামী ৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে অবশ্যই সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এ ছাড়া বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, দলের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর ও কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম উপস্থিত থাকবেন।
নেতা-কর্মীরা জানান, সভাপতি পদ-প্রত্যাশীরা হলেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী ও অর্থ সম্পাদক শাহ আলম চৌধুরী। সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীরা হলেন পৌরসভা আ.লীগের সভাপতি মুজিবুর রহমান, রামু উপজেলা কমিটির সভাপতি সোহেল সরওয়ার, চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জাফর আলম ও পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার।
জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ফরিদুল আলম বলেন, পক্ষে-বিপক্ষের উত্তেজনার কারণে এ পর্যন্ত জেলা সম্মেলন চারবার পিছিয়ে দেওয়া হয়েছে। এবারও যদি সম্মেলন না হয়, তাহলে তৃণমূলে ক্ষোভ ও হতাশা আরও বাড়বে। দলীয় সূত্র জানায়, ২৯৮ জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। ২০ সেপ্টেম্বর জেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভায় আটটি উপজেলা, একটি সাংগঠনিক উপজেলা ও দুটি পৌরসভা কমিটি থেকে এসব কাউন্সিলর নির্বাচন করা হয়।