কক্সবাজার জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি এক বছরেও
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কক্সবাজার জেলা কমিটি দীর্ঘ এক বছরের বেশি সময়েও গঠন করা সম্ভব হয়নি। সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুজনকে নিয়ে গঠিত কমিটি দিয়েই চলছে ছাত্রলীগের গতিহীন কার্যক্রম। এতে ত্যাগী নেতা-কর্মীরা হতাশ হচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালের ২৪ জুন কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আলী আহমদ এবং সাধারণ সম্পাদক পদে আবু তাহের নির্বাচিত হন। এরপর পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর কথা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এ কারণে দলের কর্মীরা সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধ ও কোন্দলকে দায়ী করেন।এ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি আলী আহমদ জানান, ‘১০১ সদস্যবিশিষ্ট জেলা ছাত্রলীগের কমিটি গঠন করে গত ১০ জানুয়ারি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে। সহসা এই কমিটির অনুমোদন পাব বলে আশা করছি।’ সাধারণ সম্পাদক আবু তাহেরের সঙ্গে বিরোধ প্রসঙ্গে আলী আহমদ বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাঁর সঙ্গে আমার কোনো গ্রুপিং নেই। আমরা দুজন মিলেমিশে কাজ করছি। গত ২১ বছরে অন্যান্য ছাত্রলীগ যা পারেনি, গত এক বছরে আমরা তার চেয়েও বেশি করেছি। ২১ বছর পর আমরা কক্সবাজার সরকারি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, রামু, পেকুয়া, চকরিয়া ও উখিয়া ডিগ্রি কলেজ শিবিরমুক্ত করেছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতা জানান, কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়া ১০১ সদস্যবিশিষ্ট কমিটিতে বেশ কয়েকজন ইয়াবা ব্যবসায়ী, শিবিরকর্মী, বিবাহিত ও অছাত্র রয়েছে। মোটা অঙ্কের টাকা লেনদেনের বিনিময়ে এদের ছাত্রলীগের জেলা কমিটিতে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে। এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের জানান, ত্যাগী নেতা-কর্মীদের নিয়েই ওই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দে জমা দেওয়া হয়েছে। এখানে কোনো ইয়াবা ব্যবসায়ী, অছাত্র ও শিবিরকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়নি। ক্ষমতালোভী কতিপয় নেতা ছাত্রলীগের অগ্রযাত্রা ব্যাহত করতে এ অপপ্রচার চালাচ্ছে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেই এর সত্যতা মিলবে। এক বছরের বেশি সময়ের মধ্যেও কেন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হলো না এর কারণ জানতে চাইলে আবু তাহের বলেন, ‘এই বিলম্বের জন্য আমাদের অনেক বদনাম হচ্ছে। আসলে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন, তারপর গত বছরের মার্চ মাসে কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর, নিজের অসুস্থতার জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠনে বিলম্ব হয়েছে। এ জন্য দলের কোনো ক্ষতি হচ্ছে না।’ ছাত্রলীগের কার্যক্রম আগের তুলনায় অনেক গতিশীল ও সক্রিয় বলে তিনি দাবি করেন।