কক্সবাজার জেলায় পানচাষে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলায় এবার পানচাষে ধস নেমেছে। উত্পাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা করছেন কৃষিবিদেরা। চারা না পাওয়া, বরজ তৈরির উপকরণ বাঁশ ও ছনের সংকট এবং সার, গোবর ও কীটনাশকের দাম বাড়ায় পানচাষ কমে যাচ্ছে বলে জানান চাষিরা। অপরদিকে, দুই বছর ধরে বিদেশে রপ্তানি বন্ধ থাকায় স্থানীয় বাজারেও পানের দাম কমে গেছে।মহেশখালীর মিষ্টিপানের নাম আছে সারা দেশে। এ ছাড়া এখানকার প্রতিটি উপজেলায় কম বেশি পানের চাষ হয়। প্রায় তিন লাখ মানুষ এ শিল্পের সঙ্গে জড়িত। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, প্রতিবছর টেকনাফ, মহেশখালী, উখিয়া, রামু, কক্সবাজার সদর ও চকরিয়ার বিভিন্ন স্থানে প্রায় ৪৫ হাজার একর জমিতে পানের চাষ হয়। এসব এলাকায় উত্পাদিত পান দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হয়। বিশেষ করে মহেশখালীর মিষ্টি ও টেকনাফের ঝাল পানের সুনাম রয়েছে দেশজুড়ে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অটল বিহারী বিশ্বাস জানান, ‘উপকরণের সংকট তো আছেই, পাশাপাশি বিদেশে রপ্তানি বন্ধ থাকায় স্থানীয় বাজারে পানের দাম কমে গেছে। এবার পান উত্পাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।’ মহেশখালীর পানেরছড়া গ্রামের চাষি আবদুল মান্নান জানান, ‘গত বছর তিনি ৭০ হাজার টাকা খরচ করে ৪০ শতক জমিতে বরজ করেন। পান বেচে তাঁর লাভ হয় ৩৪ হাজার টাকা। এখন এক লাখ ২০ হাজার টাকা খরচ করেও সেই ৪০ শতক জমিতে বরজ তৈরি করতে পারছেন না। কারণ চারা ও উপকরণের দাম বেড়ে গেছে।’ উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, ‘বড় মহেশখালী, ছোট মহেশখালী, হোয়ানক, শাপলাপুর, কালারমারছড়াসহ বিভিন্ন স্থানে উত্পাদিত মিষ্টিপান মধ্যপ্রাচ্যে রপ্তানি হতো। কিন্তু দুই বছর ধরে রপ্তানি বন্ধ থাকায় স্থানীয় বাজারে পানের চাহিদা ও দাম কমে গেছে। এখন অনেকে পান বাদ দিয়ে লবণচাষে নেমে পড়েছেন। টেকনাফ কৃষি কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ‘গত বছর উপজেলার সাবরাং, সদর, হোয়াইক্যং, বাহারছড়া, নিলা ইউনিয়নের ১৭৭টি গ্রামে প্রায় ছয় হাজার একর জমিতে ৫৮৪টি বরজ করা হয়েছিল। কিন্তু পানের দাম কম ও উপকরণের দাম বাড়ায় দুই শতাধিক বরজ হয়নি। মাত্র ৩০০ বরজ হচ্ছে। বাহারছড়ার চাষি আনোয়ার হোসেন জানান, গত বছর এক বিড়া (৮০টি) ঝাল পান বিক্রি হয়েছে সর্বোচ্চ ৭০-৮০ টাকায়। এখন ৩০-৫০ টাকা। মিষ্টিপান ৫০-৬০ টাকা। এক দশকের মধ্যে এমন কম দাম আর দেখা যায়নি। ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার দুবাই প্রবাসী মো. নুরুল ইসলাম জানান, প্রতিবছর কক্সবাজার থেকে প্রায় ৩০ লাখ বিড়া পান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করতেন তিনি। কিন্তু দুই বছর ধরে রপ্তানি বন্ধ থাকায় চাষিরা পানের ন্যায্যমূল্য পাচ্ছেন না।