কক্সবাজার-টেকনাফ সড়কে ফুটপাত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন এলাকা কক্সবাজার-টেকনাফ সড়কের দুপাশে কোনো ফুটপাত নেই। ৭৯ কিলোমিটার সড়কের দুপাশের শতাধিক স্থানে মাটি না থাকায় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। সরেজমিনে দেখা যায়, সড়কের দুপাশে গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, সড়কে চলাচলকারী গাড়িগুলো পাশ কেটে যাওয়ার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশে খাদে পড়ে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এ সড়কের দুপাশে যুব ভবন, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, বিসিক ভবন, মা ও শিশু হাসপাতাল, মহাসড়ক (হাইওয়ে) পুলিশ ফাঁড়িসহ শতাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এ পথে প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে চলাচল করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে সড়কের সংস্কারকাজ হয়েছিল। কক্সবাজারের সংযোগ সড়ক (লিংক রোড) থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত এ সড়কটির প্রস্থ ২০ ফুট। সড়কের দুপাশে আরও অন্তত ১০-১২ ফুট জায়গা থাকলেও ফুটপাত তৈরি হয়নি। এ ছাড়া বেশির ভাগ অংশে মাটিও নেই। ফলে পণ্যবোঝাই ভারী যানবাহন খাদে পড়ে উল্টে যাওয়ার ঝুঁকি থাকে। এমন দুর্ঘটনা গত কয়েক মাসে বেশ কয়েকটি ঘটেছে। গত ২৯ জানুয়ারি মরিচ্যা ধুরুমখালী-সংলগ্ন সেতুর পাশে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জালাল আহমদ নামের এক ব্যক্তি মারা যান। আহত হন ৩০ জনের মতো। গত ১৭ জানুয়ারি কোট বাজারের কাছে কাঠবোঝাই একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এতে চালক ও সহযোগীসহ (হেলপার) তিনজন আহত হন। গত ২৪ ফেব্রুয়ারি সড়কের কোটবাজারের সাদৃকাটায় ভটভটি খাদে পড়ে উল্টে গেলে দাখিল পরীক্ষার্থী শাহ আলম মারা যায়। সড়কের পাশে অবস্থিত ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক বাবুল দাশ ও কবির আহমদ গুরুত্বপূর্ণ এ সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, ‘পর্যটন মৌসুমে দেশি-বিদেশি বহু পর্যটক ও সরকারের পদস্থ ব্যক্তি এ সড়ক দিয়ে টেকনাফ-সেন্ট মার্টিন যান। অথচ বছরের পর বছর ধরে সড়কের দুপাশে মাটি দেওয়া হয় না।’ কুতুপালং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান বলেন, ‘দুই মাস আগে রাস্তা পার হওয়ার সময় তাঁর বিদ্যালয়ের এক শিক্ষার্থী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। এ ছাড়া টমটমের (ব্যাটারিচালিত বাহন) ধাক্কায় সাত-আটজন শিক্ষার্থী আহত হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন) উখিয়ার সভাপতি নূর মোহাম্মদ সিকদার বলেন, বিগত এক বছরে এ সড়কে ২০-২৫ জনের মতো মানুষ হতাহত হয়েছেন। সড়কটির পাশে ২৫-৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী হেঁটে বিদ্যালয়ে যাওয়া-আসা করে। অথচ সড়কের দুপাশে হাঁটার কোনো জায়গা নেই। ফলে প্রতিনিয়ত লোকজন দুর্ঘটনার শিকার হচ্ছেন। সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম প্রথম আলোকে বলেন, প্রায় দুবছর আগে কক্সবাজার-টেকনাফ সড়কের বিভিন্ন অংশ সংস্কার করা হয়। ওই সময় এ কাজের প্রকল্পে ফুটপাত ছিল না। সড়কের দুপাশের শতাধিক স্থানে মাটি নেই—এটা সত্য। তবে সামনে প্রকল্পের মাধ্যমে সড়কের পাশের ওই সব স্থানে মাটি ভরাট করে ফুটপাত তৈরির উদ্যোগ নেওয়া হবে।