কক্সবাজার-টেকনাফ সড়কে ভাঙন
সাম্প্রতিক বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কক্সবাজার-টেকনাফ সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ধরেছে। বেশ কিছু জায়গায় মাটি ধসে যাওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত আগস্টে তিনটি ভাঙা স্থানে সড়ক দুর্ঘটনায় শতাধিক লোক আহত হন। ভাঙন রোধ এবং ইতিমধ্যে ভেঙে পড়া অংশ মেরামত করা না হলে ভাঙন আরও তীব্র হবে এবং এতে যেকোনো সময় উখিয়া-টেকনাফের সঙ্গে দেশের অন্যান্য স্থানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সরেজমিনে পরিদর্শন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রতিক বৃষ্টিপাতের সময় পাহাড়ি ঢলে কক্সবাজার-টেকনাফ-আরকান সড়কের বিভিন্ন স্থানে বড় বড় ভাঙনের সৃষ্টি হয়ে মাটি ধসে পড়ে। সবচেয়ে বেশি ধসে পড়েছে উখিয়ার টিভি সম্প্রচারকেন্দ্র, কুতুপালং, হলদিয়াপালং, পালংখালি, টেকনাফের দমদমিয়া, জাদিমুরা, মৌলভিবাজার, নিলা ও হোয়াইক্ষ্যং এলাকায়। শ্যামলী পরিবহনের চালক নুরুল হুদা জানান, সড়কের কয়েকটি স্থানে খানাখন্দ ও ভাঙন সৃষ্টি হওয়ায় ঝুঁকির মধ্যে গাড়ি চালাতে হচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ ছাড়া, উখিয়া-টেকনাফসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।এলাকার লোকজন জানান, সড়কে ভাঙনের ফলে প্রায় সময় বিভিন্ন স্থানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। গত আগস্টের মাঝামাঝি সময়ে কয়েকদিনের ব্যবধানে উখিয়ার থাইংখালি, নিলার মৌলভিবাজার ও হোয়াইক্ষ্যং এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শতাধিক বাসযাত্রী আহত হন।উখিয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম শাহজালাল চৌধুরী ও টেকনাফের উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিক মিয়া জানান, বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে পাহাড়ি ঢলের কারণে সড়কে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন দিন দিন বাড়ছে এবং ক্রমান্বয়ে বিরাট আকার ধারণ করছে। এতে যেকোনো সময় উখিয়া-টেকনাফের সঙ্গে দেশের অন্যান্য স্থানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে । দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকা উখিয়া-টেকনাফ পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান। প্রতিবছর পর্যটন মৌসুমে হাজার হাজার পর্যটক এ এলাকায় ভ্রমণ করতে আসে। এ ছাড়া, প্রতিদিন শত শত যাত্রী ও পণ্যবাহী ট্রাক এ সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। এরকম গুরুত্বপূর্ণ সড়কটিতে ভাঙনরোধে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সড়কের যে সব স্থানে ভাঙন দেখা দিয়েছে সেসব স্থান মেরামতের জন্য শুষ্ক মৌসুমে গুচ্ছ (প্যাকেজ) প্রকল্পের আওতায় কাজ শুরু করা হবে।’কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফের) সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান এ প্রতিনিধিকে জানান, সরকারিভাবে কাজ শুরু করতে দেরি হলে প্রয়োজনে তিনি ব্যক্তিগত অর্থে সড়কটি সংস্কারের উদ্যোগ নেবেন।