কক্সবাজার শহরের শত বছরের পুরোনো বাজারটির নাম ‘বড়বাজার’। পৌরসভার অভ্যন্তরে বাঁকখালী নদীর একপাশে পেশপাড়ায় এটির অবস্থান। এখনো শহরের কয়েক শ হোটেল রেস্তোরাঁ এবং এক লাখের বেশি মানুষ মাছ, মাংস, তরিতরকারিসহ নিত্যপ্রয়োজনীয় নানান পণ্যের জন্য এ বাজারের ওপর নির্ভরশীল। দূরদূরান্তের অনেক মানুষও এ বাজারে আসেন কেনাকাটার জন্য। কিন্তু দীর্ঘ কয়েক যুগেও বাজারটির কোনো উন্নয়ন হয়নি। প্রধান সড়ক থেকে পাঁচ-ছয় শ ফুট দীর্ঘ চিপা গলি পেরিয়ে বড়বাজারে যেতে হয় ক্রেতা-বিক্রেতাদের। গলি সরু হওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার মানুষ যানজটে আটকা পড়েন। গলিটি সমপ্রসারণের জন্য পৌরবাসী কয়েক যুগ ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এন্ডারসন সড়ক দিয়ে পূর্বদিকে আধা কিলোমিটারের মতো গেলে সামনে পড়ে বড় বাজারে ঢোকার চিপা গলিটি। গলির প্রস্থ ছয়-সাত ফুট। গলির এক পাশে হোটেলসহ বাসাবাড়ির সীমানাপ্রাচীর। অন্যপাশে সড়কের ওপর সারিবদ্ধ মুদির দোকান। একটি রিকশা ভেতরে ঢুকলে আরেকটি ভেতর থেকে বেরোতে পারে না। এ ছাড়া, কোনো দোকানে কেনাকাটার জন্য লোকজন দাঁড়ালে একটি রিকশা চলাচলও মুশকিল হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কোনো ট্রাফিক পুলিশ বা পৌর কর্তৃপক্ষের লোকজন না থাকায় প্রতিদিন ক্রেতা-বিক্রেতার সঙ্গে যানবাহন শ্রমিকদের মারামারি-সংঘর্ষ লেগে থাকে।কক্সবাজার দোকানমালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ জানান, ‘লাখো মানুষ বড়বাজারের ওপর নির্ভরশীল। তরিতরকারি, মাছ, মাংস থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সবকিছু এখানে পাওয়া যায়। জেলার বিভিন্ন স্থানে উৎপাদিত নানা পণ্যের সমাবেশ ঘটে এখানে। বিশাল এ বাজার থেকে পৌর কর্তৃপক্ষ বিপুল রাজস্ব আদায় করলেও বাজারের কোনো উন্নয়ন নেই। চিপা গলির ভেতর মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।’ তিনি জানান, ইতিমধ্যে বাজার ভেঙে শহরের বিভিন্ন স্থানে আরও কয়েকটি বাজার বসছে। লোকজন দুর্ভোগ এড়াতে বড়বাজার এড়িয়ে অন্য বাজারে ছুটছেন। এতে এখানকার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ব্যাপারেও পৌর কর্তৃপক্ষের নজর নেই। কথা হয় বাজার করতে আসা এন্ডারসন সড়কের বাসিন্দা সাইফুল আরাফাত ও খোরশেদ আলমের সঙ্গে। তাঁরা বলেন, ‘সকাল ১০টা থেকে আধঘণ্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে হেঁটেই বাজারে এসেছি। এখন রিকশায় মালামাল নিয়ে বাড়ি ফিরতে পারছি না। এক ঘণ্টা ধরে রিকশাজটে আটকে আছি। এর মধ্যে মনে হয় কেনা মাছ পচে যাচ্ছে। রিকশা বিদায় করে মালামাল নিয়ে হাঁটা শুরু করব—সেই সুযোগও নেই।’ কক্সবাজার সদর হাসপাতালের এক সেবিকা সকাল ১০টা থেকে চিপা গলিতে আটকা পড়েন। সাড়ে ১০টায় তিনি প্রথম আলোকে ক্ষোভের সঙ্গে জানান, ‘আধঘণ্টার সময় নিয়ে হাসপাতাল থেকে বাজারে এসেছি। ওই আধঘণ্টা চিপা গলিতেই শেষ। বাজার করে কখন ফিরতে পারব জানি না।’ বড়বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, কিছু প্রভাবশালীর চাঁদাবাজি, অত্যাচার-নির্যাতন আর পৌরসভা কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতার কারণে বাজারটি ঐতিহ্য হারাচ্ছে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান জানান, পৌর এলাকার দেড় লাখ বাসিন্দার একমাত্র বাজার ছিল শত বছরের ঐতিহ্যবাহী বড়বাজার। এখন লোকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন লাখ। এর মধ্যে প্রায় এক লাখ মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। আর ৫০ হাজার মজুরশ্রেণীর মানুষ। এত মানুষের চাপ সামলানো বড়বাজারের পক্ষে কঠিন হয়ে পড়ায় বিকল্প হিসেবে আরও কয়েকটি বাজার গড়ে উঠেছে। তারপরও বড়বাজারের চাপ কমছে না। মাহবুবুর রহমান জানান, চিপা গলিতে নিত্য যানজটের অন্যতম কারণ সরু সড়ক। বাজারটি স্থাপনের সময় মানুষের চাপ এভাবে বেড়ে যাওয়ার বিষয়টি কারও মাথায় ছিল না। এখন হয় বাজারটি সরিয়ে নিতে হবে, নয়তো চিপা গলিটি ভেঙে প্রশস্ত করতে হবে। পৌর মেয়র সরওয়ার কামাল বলেন, ‘বড়বাজারের উন্নয়ন আর যানজট নিরসন করে জনদুর্ভোগ দূর করতে হলে প্রথমে গলির মুখের হোটেলটি সরাতে হবে। কয়েক বছর ধরে আমরা সেই চেষ্টা করছি। কিন্তু হোটেল মালিক আদালতে মামলা করায় সরানো যায়নি। এখন মামলার রায় পৌরসভা তথা জনগণের পক্ষে এসেছে। আশা করি, এবার হোটেল সরিয়ে সমস্যা সমাধান করতে বেশি সময় লাগবে না।’