কক্সবাজার বিএনপিতে ঐক্যের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা বিএনপিতে চলছে ঐক্য প্রক্রিয়া। দ্বন্দ্ব ভুলে বিবদমান দুই পক্ষ এক কাতারে আসছে। ইতিমধ্যে দুই পক্ষের নেতারা একসঙ্গে দলীয় সমাবেশও করেছেন। এ নিয়ে উল্লসিত তৃণমূলের নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানায়, ২০০৯ সালের ২০ নভেম্বর জেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদকের নাম ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুর হয়। এতে সম্মেলন পণ্ড হয়ে যায়। এরপর বিএনপির একটি অংশ কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে সভাপতি ও আইনজীবী শামীম আরাকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করেন। তার বিরোধিতা করে তখন বিএনপির অপর পক্ষ কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের তৎকালীন সাংসদ লুৎফর রহমান ওরফে কাজলকে সভাপতি ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সাংসদ আলমগীর মাহফুজ উল্লাহকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা দেয়। এরপর থেকে বিএনপির এই দুই পক্ষ পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে। এতে নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। কোন্দলের জের ধরে গত সাড়ে চার বছরে জেলা বিএনপির কার্যালয়ে একাধিকবার হামলার ঘটনাও ঘটে। তবে বিএনপির জেলা কার্যালয় ছিল কাজলের সমর্থকদের দখলে। এই সাড়ে চার বছরে কোন্দলে জড়িয়ে দ্বিধাবিভক্ত জেলা বিএনপি দুর্বল হয়ে পড়েছিল। আর এই সুযোগটা কাজে লাগিয়ে অনেক দূর এগিয়ে গেছে জামায়াতে ইসলামী। তারা জোটে থেকে নিজেদের অবস্থান শক্ত করেছে। যা ভাবিয়ে তুলেছে বিএনপি নেতাদের। ফলে জ্যেষ্ঠ নেতারাই জামায়াতকে ঠেকাতে এখন ঐক্যের তাগিদ অনুভব করছেন।
নেতা-কর্মীরা জানান, ২১ মে রাত নয়টায় জেলা বিএনপির একাংশের সভাপতি শাহজাহান চৌধুরী দলের অন্য নেতাদের নিয়ে দলীয় কার্যালয়ে যান। তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান কাজলের পক্ষের নেতা ও কক্সবাজার পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মাবুদও। শুভেচ্ছা বিনিময় শেষে বৈঠকে দুই অংশের নেতারা কোন্দলের অবসান ঘটিয়ে দলকে শক্তিশালী করতে ঐকমত্য পোষণ করেন।
আগের দিন জেলা যুবদল ও ছাত্রদল নেতারা একই কার্যালয়ে গিয়ে একে অপরকে ফুল দিয়ে বরণ করে নেন। এতে তৃণমূলের নেতা-কর্মীরা খুশি। মূলত এরপর থেকে দুই পক্ষের নেতা-কর্মীদের উপস্থিতিতে সরগরম জেলা বিএনপির কার্যালয়।
জানা গেছে, গত রোববার বিকেলে এই কার্যালয় থেকে বিএনপির দুই পক্ষ যৌথভাবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (দেশব্যাপী অপহরণ, হত্যা, গুম ও সমাবেশে বাধার প্রতিবাদ) শহরের প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ করে। ৩১ মে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ ও সাবেক সাংসদ লুৎফর রহমান বৈঠক করে দুই পক্ষের দ্বন্দ্বের চূড়ান্ত অবসান ঘটাবেন।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হুদা ছিদ্দিকী বলেন, দীর্ঘ সাড়ে চার বছর পর জেলা বিএনপির দুই পক্ষ এক হওয়ায় তৃণমূলের নেতা-কর্মীরা মহাখুশি। পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী বলেন, জেলা বিএনপির দুই অংশ এক হয়ে এখন তৃণমূলে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক সাংসদ লুৎফর রহমান জামায়াত ঠেকানোর জন্য ঐক্য নয় উল্লেখ করে বলেন, কক্সবাজার এখনো
বিএনপির দুর্গ। বিএনপি এখানে অনেক শক্তিশালী। মধ্যখানে নেতাদের মধ্যে ভুলবোঝাবুঝি হয়েছিল। এখন দলের স্বার্থে নেতারা এক মঞ্চে আসছেন। জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো।
অপর পক্ষের জেলা কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘আমরা দল ও দেশের স্বার্থে এবং জেলার চারটি সংসদীয় আসন বিএনপির দখলে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।’