কক্সবাজার জেলা বিএনপি আগামী ৩০ নভেম্বরের মধ্যে জেলার আট উপজেলা থেকে নতুন ২০ হাজার সদস্য সংগ্রহ করবে। তৃণমূল দলকে আরও শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় নয় হাজার সদস্য সংগ্রহ করা হয়েছে। নেতাদের দাবি, দলে এখন কোনো কোন্দল নেই।
এ নিয়ে ১৫ সেপ্টেম্বর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিকে ঢেলে সাজানোর ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। আগের দিন দলের ৩১১ জন নারী ও পুরুষ নিয়ে ‘গণতান্ত্রিক অংশগ্রহণ ও সংস্কার’–বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজারের সাবেক সাংসদ লুৎফর রহমান।
শাহজাহান চৌধুরী বলেন, জেলা বিএনপিতে এখন কোনো কোন্দল নেই। বিএনপিকে ঢেলে সাজিয়ে নতুন ধারা তৈরির কাজ চলছে। ওয়ার্ড থেকে শুরু করে জেলা কমিটি পর্যন্ত পরিবর্তন আনা হচ্ছে। গতানুগতিক চিন্তাধারা বাদ দিয়ে নেতা-কর্মীদের আধুনিক তথ্যপ্রযুক্তি–নির্ভর রাজনীতি ও গণতান্ত্রিক চর্চায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কমিটিতে স্থান দেওয়া হচ্ছে নারী ও তরুণ নেতৃত্বকে।
সাবেক সাংসদ লুৎফর রহমান বলেন, ‘আমরা দল ও দলের নেতৃত্বকে পুরোনো ধ্যানধারণায় রাখতে চাই না। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের নেতা-কর্মীরাও রাজনীতি করুক—এই প্রত্যাশা করছি।’
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৯ সালের ২০ নভেম্বর কক্সবাজার স্টেডিয়ামে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেত্রী সেলিমা রহমান সভাপতি পদে শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করেন। এরপর সাধারণ সম্পাদক পদে কক্সবাজার আদালতের তৎকালীন সরকারি কৌঁসুলি শামীম আরার নাম ঘোষণা করলে শুরু হয় হইচই, সংঘর্ষ ও ভাঙচুর। এতে সম্মেলন পণ্ড হয়। দলের নেতারা এই পদে লুৎফর রহমানকে চেয়েছিলেন।
এরপর বিএনপির একটি অংশ শাহজাহান চৌধুরীকে সভাপতি ও শামীম আরাকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা দেন। এর বিরোধিতা করে বিএনপির অপর পক্ষ কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ লুৎফর রহমানকে সভাপতি এবং কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আলমগীর ফরিদকে সাধারণ সম্পাদক করে আরেকটি পাল্টা কমিটি ঘোষণা দেন। এরপর থেকে দ্বিধাবিভক্ত বিএনপি জেলা শহর থেকে তৃণমূল পর্যন্ত পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে আসছিল। গত পাঁচ বছরে দুই পক্ষের মধ্যে একাধিক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে থানায় মামলাও করে একাধিক।
জেলা বিএনপির সহসভাপতি রফিকুল হুদা চৌধুরী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী জানান, কেন্দ্রীয় নেতৃত্ব এবং তৃণমূলের চাপে পড়ে দ্বিধাবিভক্ত দুই দলের নেতারা ২০১৪ সালের ২১ মে জেলা বিএনপির কার্যালয়ে বসে দলীয় কোন্দল নিরসনের উদ্যোগ নেন। এরপর গত ৩১ মে জেলা বিএনপির কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ (বর্তমানে ভারতের শিলংয়ে) ও লুৎফর রহমান বৈঠক করে দুই গ্রুপের দ্বন্দ্বের অবসান ঘটান। এরপর জেলার ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা বিএনপির সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়। গত ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিন আহমদ নিখোঁজ হলে সব পরিকল্পনা পাল্টে যায়।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, দলকে চাঙা করতে ইতিমধ্যে জেলার ১০টি ইউনিয়নের অন্তত নয় হাজার নেতা-কর্মী নিবন্ধিত হয়েছেন। ৩০ নভেম্বরের মধ্যে নিবন্ধিত নেতা-কর্মীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে। এসব সদস্যের ডেটাবেইস তৈরি হবে। এর ফলে একজন আরেকজনের সঙ্গে মুঠোফোন, ই–মেইল, সামাজিক যোগাযোগের নানা মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও তথ্য বিনিময় করতে পারবেন।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘দীর্ঘদিনের কোন্দল মিটিয়ে আমরা এক হয়েছি বলে গত উপজেলা নির্বাচনে জেলার আটটি উপজেলার মধ্যে উখিয়া, রামু, কুতুবদিয়া, পেকুয়াতে বিএনপির প্রার্থী জয়লাভ করেছে।’