কক্সবাজার বিমানবন্দরকে মালেক শাহের নামে করার দাবি
কক্সবাজার বিমানবন্দরকে কুতুবদিয়ার শাহ আবদুল মালেক শাহের নামে করার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি ও সাংসদ মইন উদ্দিন খান বাদল।
গত বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউস মিলনায়তনে ‘শাহ আবদুল মালেক কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ বাস্তবায়ন পরিষদ’ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
সাংসদ বাদল বলেন, দেশের বড় দুটি বিমানবন্দরের মতো কক্সবাজার বিমানবন্দরকেও আল্লাহর প্রকৃত অলি মালেক শাহ হুজুরের নামে করতে হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আরও সুনজর বাড়বে কক্সবাজারবাসীর।
সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন পরিষদের সভাপতি মোকারেমুল কাদের চৌধুরী। পরিষদের সদস্যসচিব হাছান কুতুবীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলাম চৌধুরী, কুতুবদিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহীদ উদ্দিন ও কুতুব শরীফ দরবার চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান।