
কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নবীনবরণ অনুষ্ঠান ১ মার্চ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ের সংগীত শিক্ষক শিল্পী সমরজিৎ রায়।
এক ঘণ্টা সময় ধরে সমরজিৎ দর্শক- শ্রোতাদের গান শুনিয়ে মন্ত্রমুগ্ধ করে রাখেন। ‘কত যে তোমাকে বেসেছি ভালো’ সুবীর নন্দীর গাওয়া গানটি দিয়ে তিনি শুরু করেন। পরে দর্শকদের অনুরোধে ‘তোমারি পরশে’, ‘জীবনানন্দ হয়ে সংসারে’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ ‘এক তাজমহল গোড়ো’, ‘আমি কে যেদিন’, ‘খুব জানতে ইচ্ছে করে’, ‘না না যেও না’, ‘ও চাঁদ সামলে রাখো’সহ পরপর বেশ কয়েকটি গান পরিবেশন করেন। এর পরে দর্শকের অংশগ্রহণে ‘কফি হাউসের সেই আড্ডাটা’ গানটি দিয়ে তিনি তাঁর পরিবেশনা সমাপ্ত করেন। সমরজিতের পরিবেশনার পরে বাঁশি বাজিয়ে শোনান মো. ওমর ফারুক। সংগীত পরিবেশন করেন শিল্পী তৃষা, সুমী, মুজিব এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তবলায় ছিলেন লিটন মিত্র, কিবোর্ডে সৃজন, অক্টোপ্যাডে জুয়েল, লিড গিটারে মুজিব এবং বেজ গিটারে সজল। বিজ্ঞপ্তি