কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও আপত্তিকর লেখালেখির প্রতিবাদে ১৩ এপ্রিল দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরও স্মারকলিপি প্রেরণ করেন তাঁরা।
কক্সবাজার সদর হাসপাতালের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, একটি মহল স্থানীয় কয়েকটি দৈনিক ও ফেসবুকে কলেজের উপাধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্তের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল ধ্বংসের পঁায়তারা চালাচ্ছে। তাই এর বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীরা মাঠে নেমেছেন।
সমাবেশে বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মেডিকেল কলেজ শাখার সহসভাপতি শান্তনু বিশ্বাস, সহসাধারণ সম্পাদক নোবেল কুমার বড়ুয়া, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো নজিবুল ইসলাম, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ফরহাদ কামাল, কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রিপন চৌধুরী প্রমুখ।
কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সদর হাসপাতালের চিকিৎসক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সদর হাসপাতাল শাখা, সন্ধানী, মেডিসিন ক্লাব, ইন্টার্ন চিকিৎসক পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা নানা ফেস্টুন, ব্যানার নিয়ে মানববন্ধন করেন।
চিকিৎসক মারুফ কামাল জানান, স্বাধীনতাবিরোধী একটি রাজনৈতিক দলের সমর্থকেরা কক্সবাজারের স্বাস্থ্যসেবা ধ্বংস করতে মাঠে নেমেছে। কিছু দৈনিকে তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে সংবাদ প্রকাশ করা হচ্ছে। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ফরহাদ কামাল বলেন, ‘যাঁরা এই অপপ্রচার চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জেলা প্রশসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছি।’ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম জানান, স্বাধীনতাবিরোধী শক্তির ইন্ধনে কতিপয় দুর্নীতিবাজ চিকিৎসক মেডিকেল কলেজটি ধ্বংস করার জন্য উপাধ্যক্ষের অপসারণ চায়। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপাধ্যক্ষ অরূপ দত্ত বলেন, শিক্ষক-শিক্ষার্থীর আন্দোলন সম্পর্কে তিনি অবগত নন।