বাঁকখালী নদী ভরাট করে দখলের মহোৎসব নেমেছে প্রভাবশালীরা। কক্সবাজার শহরকে রক্ষা করতে হলে বাঁকখালীকে বাঁচাতে হবে। উচ্ছেদ করতে হবে অবৈধ দখলদারদের।
১৩ ফেব্রুয়ারি কক্সবাজার পৌরসভা সম্মেলনকক্ষে ‘বাঁচলে বাঁকখালী, বাঁচবে কক্সবাজার’ শীর্ষক সংলাপে বক্তারা এ কথা বলেন। এ সংলাপের আয়োজন করে ‘বাঁকখালী বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠন। সংগঠনের সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক আজাদ মনসুর।
বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মনির হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল আলা ছিদ্দিকী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, দৈনিক সমুদ্রকণ্ঠ-এর সম্পাদক মঈনুল হাসান, কক্সবাজার পৌরসভার সচিব মো. সামছুদ্দিন, অনলাইন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আনছার হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক রহমান মাসুদ, সাবেক সভাপতি দীপক শর্মা, সেভ দ্য নেচারের জেলা সভাপতি কল্লোল দে চৌধুরী, বাঁকখালী বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ নয়ন, পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ, নাটাব সভাপতি কামরুল হাসান, বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি শামীম আকতার প্রমুখ।
দীপক শর্মা বলেন, একসময় বাঁকখালীর কস্তুরাঘাট ছিল শহরের প্রধান বাণিজ্যকেন্দ্র। আর এটি এখন মৃত্যুপুরী। হাজারো প্রভাবশালী বাঁকখালী নদীর তীর ও ভরাট ভূমি দখল করে শত শত অবৈধ স্থাপনা নির্মাণ করেছে।
কামরুল হাসান বলেন, ‘পূর্ব পুরুষেরা কক্সবাজারকে যেভাবে রেখে গিয়েছিলেন আমরা তা ধরে রাখতে পারছি না। দখল-দূষণ করে বাঁকখালী নদীকে আমরা গলাটিপে হত্যা করছি। বাঁকখালী নদীর ভরাট হওয়ায় শহরের কয়েক হাজার নলকূপের পানি লবণাক্ত হয়ে পড়েছে।’
শামীম আকতার বলেন, এক সময় প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ের সংকেত পড়লে কয়েক হাজার মাছ ধরার ট্রলার বাঁকখালীতে নিরাপদ আশ্রয় নিত। এখন কয়েক শ ট্রলারও আশ্রয় দেওয়ার পরিস্থিতি নেই। ভরাটের কারণে নদীর গতিপথ সংকুচিত হয়ে পড়েছে।
আবু আলা ছিদ্দিকী বলেন, নদী শাসনের জন্য পাঁচটি পৃথক আইনের ধারা রয়েছে। নদী শাসন আইনের দুর্বলতার কারণে নদীগুলো রক্ষা হচ্ছে না।
অন্যান্য বক্তারা বলেন, কক্সবাজারের অস্তিত্বের সঙ্গে রয়েছে বাঁকখালীর নিবিড় সম্পর্ক। কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে বাঁকখালী। কিন্তু সেই বাঁকখালীই আজ হুমকির মুখে। দখল, দূষণ আর ভরাটের কবলে পড়ে নদীটি মরতে বসেছে। তাই যেকোনো মূল্যে বাঁকখালীকে বাঁচাতে হবে। দখলবাজদের তালিকা জনসম্মুখে প্রকাশ করে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে।