কক্সবাজার শহরজুড়ে ময়লা-আবর্জনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান লালদীঘির পাড়, এন্ডারসন সড়ক, শেখ রাসেল সড়ক, ঝাউতলা, হলিডে মোড়, বাজার ঘাটাসহ বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ। এসব ময়লা-আবর্জনা থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে পর্যটকসহ স্থানীয় পথচারীদের অবস্থা নাকাল। ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য পৌরসভা কর্তৃপক্ষ বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দিলেও তাঁদের খুঁজে পাওয়া যায় না বলে অনেকের অভিযোগ। ফলে শহরের সৌন্দর্য নষ্টের পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক ফারিহা চৌধুরী বলেন, ‘পাঠ্যবইতে পড়েছিলাম, চিকিৎসকের পরামর্শে পরিবারের কয়েকজন সদস্য নিয়ে ভ্রমণে এসেছি এই স্বাস্থ্যকর স্থানে। কিন্তু এখানে এসে দেখি উল্টো চিত্র। প্রধান সড়কের ওপর কাদা-মাটির প্রলেপ। সড়কের দুই পাশে পড়ে থাকে ময়লা-আবর্জনার স্তূপ। যেখানে গেলাম, ময়লা-আবর্জনা আর দুর্গন্ধ দেখতে পেলাম।’ কুষ্টিয়া থেকে ভ্রমণে আসা পর্যটক মাসুক এলাহী (৪৩) বলেন, ‘পুরো শহরটা ঘুরে মনে হলো একটা ময়লা-আবর্জনার ডাস্টবিন। সামান্য বৃষ্টির পানিতে প্রধান সড়কের নালা-নর্দমা ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সৈকতের বালুচর, ঝাউবাগানের ভেতরেও ময়লা-আবর্জনাপূর্ণ দৃশ্য নজরে পড়ল।’ কক্সবাজার সরকারি কলেজের ছাত্র ও পর্যটন ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, এসব ময়লা-আবর্জনা ও দুর্গন্ধ কক্সবাজার সম্পর্কে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে।পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ বলেন, ‘প্রতিদিন সকাল-বিকেল প্রধান সড়কসহ বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। তার পরও কিছু কিছু স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকে বলে অভিযোগ পাচ্ছি। কক্সবাজারকে ময়লা-আবর্জনামুক্ত শহর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’