কক্সবাজার শহরে আজ অর্ধদিবস হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তরের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা জনঅধিকার বাস্তবায়নের লক্ষ্যে ১৫ দিন ধরে আন্দোলনের কর্মসূচি পালন করে আসছেন।সর্বশেষ ২৪ অক্টোবর বেলা ১১টার দিকে নির্বাচিত মেয়র ও ১২ ওয়ার্ডের ১৬ জন কাউন্সিলর ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে দাবি আদায়ে সব মহলকে এগিয়ে আসার আহ্বান জানান। আগের দিন ২৩ অক্টোবর তাঁরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একই দাবির কথা তুলে ধরেন। এর আগে ৯ অক্টোবর বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছয় ঘণ্টার গণ-অনশন এবং ১৬ অক্টোবর বিকেলে শহরের পাবলিক হল মাঠে বিশাল সমাবেশ করে জনপ্রতিনিধিরা অন্যান্য কর্মসূচির পাশাপাশি আজ বৃহস্পতিবার শহরে অর্ধদিবস হরতাল ঘোষণা করেন। পৌরসভার নির্বাচিত মেয়র সরওয়ার কামাল এবং কাউন্সিলর সালামত উল্লাহ ও আকতার কামাল বলেন, গত ২৭ জানুয়ারি জেলার কক্সবাজার, টেকনাফ, চকরিয়া ও মহেশখালী পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও শুধু কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে নির্বাচিত মেয়র, চার নারী ও ১২ পুরুষ কাউন্সিলরের শপথ গ্রহণ থেকে বঞ্চিত রাখা হচ্ছে। প্রায় নয় মাস ধরে শপথ গ্রহণ এবং দায়িত্ব হস্তান্তর না করায় একটি চক্র পৌরসভার তহবিল লুটপাট চালাচ্ছেন। উন্নয়ন কর্মকাণ্ডসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরসভার বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলে পুরো শহরে দেখা দেয় জলাবদ্ধতা। তাই দাবি আদায়ের জন্য আজকের এই অর্ধদিবস হরতাল কর্মসূচি।