কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির (সিওয়াইডিএস) স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়। ৭ সেপ্টেম্বর বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়। বিতর্কের বিষয় ছিল ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ’।

ছায়া সংসদের আদলে করা প্রতিযোগিতায় সরকারি দলে ছিল কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় দল। মডারেটরের দায়িত্ব পালন করেন ইয়ুথ পার্লামেন্টের সাবেক স্পিকার নার্গিস আকতার। বিচারক ছিলেন কলেজশিক্ষক এ কে এম ফজলুল হক, অজিত দাশ ও মঈনুল হাসান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন আইনজীবী আবুল কালাম আজাদ, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন।

বক্তব্য দেন ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম, সভাপতি সাবিদ সামায়েল, সাধারণ সম্পাদক তাজওয়াল কাসেম প্রমুখ।

সাবিদ সামায়েল জানান, কক্সবাজারের বিভিন্ন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্তিবাদী করে গড়ে তুলতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১০ জন শিক্ষার্থী সংগঠনটি গড়ে তোলেন। সংগঠনের উদ্যোগে ৩ ও ৪ সেপ্টেম্বর শহরের ১০টি উচ্চবিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে বিতর্কের প্রশিক্ষণ দেওয়া হয়।