কক্সবাজার সরকারি কলেজে বইমেলা
কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের উদ্যোগে তিন দিনের বইমেলা গত রোববার শেষ হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সলিমুল্লাহ। মেলায় কক্সবাজারের লেখকদের ৪৩টি বই ছিল। ঋতবর্ণ প্রকাশনীর স্বত্বাধিকারী জামাল সাকিব জানান, কলেজে প্রথমবারের মতো বইমেলার আয়োজন করা হলেও বিক্রি ভালো হয়েছে। বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান জানান, মাথিনের মুখ বইটি শিক্ষার্থীদের নজর কাড়ে। টেকনাফের মগ জমিদারকন্যা মাথিনের সঙ্গে পুলিশ কর্মকর্তা ও সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্যের প্রেমকাহিনি নিয়ে বইটি লেখা। বইটির বিক্রি ভালো হয়েছে। একই বিভাগের ছাত্রী ফারজানা নাসরিন বলেন, ‘হাতের কাছে মেলা, ইচ্ছেমতো নতুন বই কেনার সুযোগ পাচ্ছি।’ সাহিত্য একাডেমীর কার্যালয় সম্পাদক আজাদ মনসুর বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে বই কেনার আগ্রহ দেখে খুব ভালো লাগছে।’উদ্বোধনী দিন বাংলা বিভাগ মিলনায়তনে চলে প্রবন্ধ পাঠের আসর ও আলোচনা সভা। বাংলা বিভাগের প্রধান মোহাম্মদ সাইফুদ্দিনের সভাপতিত্বে সভায় কলেজের অধ্যক্ষ ছাড়াও বিভিন্ন বিভাগের প্রধানেরা বক্তব্য দেন। চলে গানের আসর। এর আগে অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আসর ও রচনা প্রতিযোগিতা। সমাপনী দিন অধ্যক্ষ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহযোগী অধ্যাপক শামীম সিদ্দিকী।