কক্সবাজারকে পরিবেশ ও পর্যটকবান্ধব করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারকে পরিবেশবান্ধব একটি সুন্দর পর্যটন নগর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। গত ৩ জুলাই যোগদানের পর তিনি হোটেল-মোটেল ও গেস্টহাউস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, ট্যুরিজম প্রতিষ্ঠান, সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি পুলিশ, রিকশা ও টমটম মালিক-শ্রমিক, পরিবহন মালিক ও শ্রমিক, দোকান মালিক ও শ্রমিক, সুশীল সমাজ, পরিবেশবাদী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন। এরপর এ ঘোষণা কার্যকর করার জন্য মাঠে নামেন। ইতিমধ্যে ঝাউতলা এলাকার চার রাস্তার মোড়ে পরিবেশদূষণকারী একটি অবৈধ শুঁটকি মার্কেট উচ্ছেদ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, এখন যানজট পরিস্থিতির উন্নতি হচ্ছে। লোকজন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে। গত ২৫ জুলাই থেকে পুলিশ মাঠে নেমে অবৈধ রিকশা ও টমটম ধরা শুরু করে। ইতিমধ্যে পাঁচ শতাধিক টমটম ও রিকশা জব্দ করা হয়েছে। ফলে অবৈধ টমটম আর রিকশা সড়ক থেকে উধাও।দীপক শর্মা বলেন, সড়কের দুই পাশে অবৈধভাবে স্থাপিত বাসের টিকিট কাউন্টারগুলো ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রীয় বাস টার্মিনালে সরিয়ে দেওয়া গেলে যানজট একেবারে বন্ধ হয়ে যাবে। তখন মানুষের দুর্ভোগও কমবে। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী ও কক্সবাজার পর্যটক উন্নয়ন ফোরামের সভাপতি সরোয়ার আজম জানান, গত ২৪ জুলাই থেকে পুলিশ অভিযান চালিয়ে সৈকত ও ঝাউবাগানের ভেতর থেকে পাঁচ শতাধিক ঝুপড়ি ও দোকানপাট উচ্ছেদ করে। অন্যদেরও দ্রুত ঝাউবাগান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সৈকতের সুন্দর পরিবেশ বজায় রাখতে গত কয়েক দিনে অভিযান চালিয়ে দুই হাজারের বেশি চিংড়িপোনা ধরার নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘পাহাড় কেটে, সৈকত দখল করে, পরিবেশ নষ্ট করে যে যেভাবে পারে শহরটাকে ভবনের স্তূপে পরিণত করেছে। এ ধারা অব্যাহত থাকলে এখনকার সৌন্দর্য ধরে রাখা যাবে না। বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় করে পরিবেশবান্ধব পর্যটন শহর গড়ার পক্ষে যেসব সুপারিশ পেয়েছি, কর্মকালে তার সবটাই বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাব। বিশেষ করে শহরের যানজট নিরসনে পুলিশ কঠোর ভূমিকা পালন করবে। ইয়াবা পাচারসহ মাদকের ব্যবসা বন্ধে পুলিশের নিয়মিত অভিযান চলবে। রোজার মাসে ভেজাল খাবার ও বিষ মেশানো ফলমূল বেচাবিক্রির ওপর সতর্ক দৃষ্টি রাখা হবে। এ ব্যাপারে সব মহলের সহযোগিতা দরকার।’