কক্সবাজারবাণী সম্পাদকের বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা
কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজারবাণীর সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খানের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন দৈনিক আমাদের কক্সবাজার এর ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল আলম মাহমুদ।
গত ৩০ জানুয়ারি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ মামলাটি করা হয়। বিচারক মো. মহিউদ্দিন মুরাদ মামলাটি আমলে নিয়ে ফরিদুল মোস্তফা খানকে আগামী ২৪ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
এর আগে ভুয়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের দায়ে ফরিদুল মোস্তফা খানের বিরুদ্ধে একই আদালতে এক কোটি টাকার মানহানি মামলা করেন প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস। এ মামলাতেও আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।
রফিকুল আলম মাহমুদ আর্জিতে উল্লেখ করেন, তাঁর পত্রিকায় ‘দুই সাংবাদিক ইউনিয়নের যৌথ সভায় অপসাংবাদিকতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান’ শীর্ষক সংবাদ পরিবেশন করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আসামি ফরিদুল মোস্তফা খান গত ২৬ জানুয়ারি রাত ১১টায় বাদীর পত্রিকা কার্যালয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণ নাশের হুমকি দেন। এ ব্যাপারে বাদী ২৭ জানুয়ারি কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে আসামি ফরিদ ক্ষিপ্ত হয়ে তাঁর সম্পাদিত ও প্রকাশিত দৈনিক কক্সবাজারবাণীতে গত ২৯ জানুয়ারি বাদীর বিরুদ্ধে ইয়াবাসহ মাদক সেবনের মানহানিকর ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রনোদিত মিথ্যা সংবাদ পরিবেশন করেন। এতে বাদীর এক কোটি টাকার মানহানি হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী রাখাল চন্দ্র মিত্র ও সাকি এ কাউছার বলেন, বিচারক মামলাটি গ্রহণ করে আগামী ২৪ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য আসামির প্রতি সমন জারি করেছেন।