অনলাইনে বৈদেশিক মুদ্রা বিনিময়–বিষয়ক সেমিনার ২৯ মার্চ কক্সবাজার শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা ও কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করে।
কক্সবাজার চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন আন্তর্জাতিক মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন এফএক্সের দক্ষিণ–পূর্ব এশিয়ার প্রধান ও বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন এবং ওয়েস্টার্ন এফএক্সের সহসভাপতি ইয়েন নিকোলসন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েস্টার্ন এফএক্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান।
ওয়েস্টার্ন এফএক্স বাংলাদেশের ব্র্যান্ড প্রমোটর মোহাম্মদ খোরশেদ আলমের সঞ্চালনায় সেমিনারে কক্সবাজার চেম্বারের পরিচালক, ব্যবসায়ী, পেশাজীবী, চাকরিজীবী, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন বলেন, ১৮টি দেশে ওয়েস্টার্ন এফএক্সের কার্যক্রম চলছে। এখানে দৈনিক ছয় ট্রিলিয়ন ডলার লেনদেন হয়।
মোহাম্মদ হোসাইন কক্সবাজারসহ বাংলাদেশের প্রতিটি জেলায় অনলাইনে বৈদেশিক মুদ্রা বিনিময়ের ওপর প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করার প্রতিশ্রুতি দেন। — নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার