কক্সবাজারে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে জেলার চকরিয়া, পেকুয়া, সদর, উখিয়া ও রামু উপজেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র ব্যবহার করছে। মারামারি, সংঘর্ষ থেকে শুরু করে আধিপত্য বিস্তারে তারা অস্ত্র প্রদর্শন করছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশসহ আইন প্রয়োগকারী সদস্যদের হাতে অনেক অবৈধ অস্ত্র ধরাও পড়ছে। তার পরও এর ব্যবহার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।অবৈধ অস্ত্রের প্রভাবে ১২০ কিলোমিটার সাগর উপকূলে পাঁচ শতাধিক জলদস্যুর লুণ্ঠনযজ্ঞ, পাহাড়ে চার শতাধিক ডাকাতের অপতৎপরতা চলছে। দেড় হাজারের বেশি সন্ত্রাসী, মাস্তান ও রাজনৈতিক দলের ক্যাডারের হাতে থাকা অবৈধ অস্ত্রের কাছে জিম্মি জেলার প্রায় ১০ লাখ মানুষ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ জুন চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজারপাড়া এলাকায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগের সময় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে চার ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক গুলিবিনিময় হয়। পরদিন হামলা, ভাঙচুর ও অবৈধ অস্ত্র ব্যবহারের দায়ে চকরিয়া থানায় সালাহ উদ্দিনসহ বিএনপির আড়াই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়।পেকুয়া উপজেলার ইউপি নির্বাচনেও কয়েকটি কেন্দ্রে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটে। ১১ জুন রাতে চকরিয়ার হারবাং ইউনিয়নে গুলিবর্ষণের ঘটনায় পঞ্চম শ্রেণীর ছাত্র আবিদ মারা যায়। এ সময় গুলিবিদ্ধ হয় আরও পাঁচজন। রামু ও উখিয়া উপজেলার ভোটার মো. এবাদুল্লাহ ও আবদুল আলিম জানান, প্রতিদিন সন্ধ্যার পর গ্রামে হাঁটাচলা এবং প্রার্থীদের পথসভা ও গণসংযোগের সময় চিহ্নিত সন্ত্রাসীদের হাতে অবৈধ অস্ত্র দেখা যায়। সামান্য কথা-কাটাকাটি হলে অবৈধ অস্ত্রের প্রদর্শন ও মহড়া চলে। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন মিয়া জানান, এখানকার একাধিক জলদস্যু বাহিনীর হাতে প্রচুর অস্ত্র। ৮ জুন রাতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ারাকাটা গ্রামের জলদস্যু-সম্রাট রমিজ আহমদ প্রকাশ রমিজ্যা ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ১৪টি অবৈধ অস্ত্র ও জেলেদের ট্রলার থেকে লুণ্ঠিত কয়েক লাখ টাকার মালামাল উদ্ধার করে। রমিজের বিরুদ্ধে ১০টির বেশি হত্যা ও ডাকাতির মামলা রয়েছে। এ ছাড়া ৫ জুন র‌্যাব চকরিয়া ক্যাম্পের সদস্যরা মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরানতলী বাজারে অভিযান চালিয়ে চার সন্ত্রাসী স্বপন দে, মো. আনচার, জিয়াউল হাসান ও বাদশা মিয়াকে তিনটি দেশি বন্দুক ও ১০ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করেন।পুলিশ সুপার নিবাসচন্দ্র মাঝি জানান, প্রায় প্রতিদিন জেলার কোথাও না কোথাও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী, মাস্তান ও ডাকাতদলের সদস্যরা ধরা পড়ছে। নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং পেশিশক্তির অপতৎপরতা বন্ধ ও অস্ত্র উদ্ধারে পুলিশ সক্রিয় রয়েছে।এত অস্ত্র আসে কোত্থেকে?নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, জেলার বিভিন্ন স্থানে শত শত অবৈধ অস্ত্র সরবরাহ করা হচ্ছে মহেশখালী থেকে। মহেশখালীর কয়েকটি দুর্গম পাহাড়ে বর্তমানে ২১টি ভ্রাম্যমাণ কারখানায় তৈরি হচ্ছে দুই নলা কাটাবন্দুক, এক নলা কাটাবন্দুক, পিস্তল, এলজি ও পাইপগান। সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকায় এসব অস্ত্র পাওয়া যায়। জেলার চকরিয়া, ঈদগাহ, রামুর ঈদগড়, গর্জনিয়া এলাকার গহিন জঙ্গলে আরও ১৩টি অস্ত্র তৈরির ভ্রাম্যমাণ কারখানা রয়েছে বলে খবর রয়েছে। গত তিন মাসে র‌্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাতটির বেশি কারখানা উচ্ছেদ এবং অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। কিন্তু চাহিদা থাকায় আবার কারখানা গড়ে তোলা হচ্ছে। জেলার বিভিন্ন দুর্গম পাহাড়ে স্থাপিত ৩৪টি ভ্রাম্যমাণ কারখানায় অবৈধ অস্ত্র তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত রয়েছেন প্রায় দুই শতাধিক ব্যক্তি। এর মধ্যে অস্ত্র তৈরির কারিগর রয়েছেন ৮০ জনের বেশি। পুলিশ বা বিশেষ বাহিনীর অভিযান শুরু হলে কারখানাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত স্থানান্তর করা হয়। এ কারণে এগুলোকে ‘ভ্রাম্যমাণ কারখানা’ বলা হয়। অবৈধ অস্ত্র তৈরি, বিক্রি—সবই কারখানা থেকে নিয়ন্ত্রিত হয়। উপজেলার তালিকাভুক্ত অর্ধশতাধিক সন্ত্রাসী ও কিছু রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি এসব কারখানা নিয়ন্ত্রণ করেন।পুলিশের একটি সূত্র জানায়, মহেশখালীর পাহাড়ে তৈরি অবৈধ অস্ত্রের উল্লেখযোগ্য একটি অংশ মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে চলে যাচ্ছে। মহেশখালী থেকে সমুদ্রপথে এসব অস্ত্র জেলার টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়াসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। বিশেষ করে, রোহিঙ্গারা এসব অবৈধ অস্ত্র নিয়ে সড়ক ডাকাতি, লোকজনের বাসাবাড়ি লুট, ছিনতাইসহ নানা কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। ইউপি নির্বাচন উপলক্ষে সন্ত্রাসীরা মহেশখালী থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করছে।