কক্সবাজারে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের টানা তিন দিনের হরতাল, ১৪৪ ধারা অমান্য করে বিএনপি-জামায়াতের বিক্ষোভ সমাবেশ, আওয়ামী লীগের নৈরাজ্য বিরোধী পাল্টা সমাবেশ নিয়ে পর্যটন জেলা কক্সবাজার অশান্ত হয়ে উঠছে।
পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত মুখোমুখি অবস্থানে আছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে।
গত শুক্রবার বিকালে চকরিয়া পৌর এলাকায় বিএনপির সঙ্গে পুলিশ-বিজিবি ও আওয়ামী লীগের কয়েক দফা সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় সাইফুল ইসলাম (২৮) ও মিজানুর রহমান (২৩) নামের দুই জনের মৃত্যু হয়েছে। ওই দিন পেকুয়া সদরেও বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
চকরিয়ায় দুই কর্মী হত্যার প্রতিবাদে শনিবার জেলার বিভিন্ন স্থানে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। তিনদিনের হরতাল কর্মসূচির পর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কাঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়। এদিকে, তিনদিনের হরতালকে ঘিরে পর্যটন শহরে দেখা দিয়েছে চরম আতঙ্ক আর উৎকণ্ঠা। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের নেতৃত্বে দলীয় ক্যাডারেরা গুলি করে বিএনপি কর্মীদের হত্যা করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি দিয়ে পুরো জেলা অচল করার হুমকি দেন।
অভিযোগ ভিত্তিহীন দাবি করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম বলেন, ওইদিন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো সংঘর্ষ হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত বড়ুয়া বলেন, ১৪৪ ধারা অমান্য করে বিএনপি-জামায়াত বিক্ষোভ মিছিল বের করলে বিজিবি ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে পৃথক সংঘর্ষ হয়। এতে বিএনপির দুইকর্মীর মৃত্যু হয়। কিন্তু কার গুলিতে তাদের মৃত্যু হয়েছে-তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল শনিবার চকরিয়া থানায় পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মামলা রুজু করে। এতে বিএনপি-জামায়াতের প্রায় ৫০০ নেতাকর্মী সমর্থককে আসামি করা হয়েছে।
নিহত মিজানুর রহমানের মা নুরুজ্জাহান বেগম (৩৫) গতকাল শনিবার সকালে নিজ বাড়িতে প্রথম আলোকে বলেন, মিজান (১৭) কোন রাজনীতির সঙ্গে জড়িত নয়। পেশায় সে রাজমিস্ত্রী। বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ ও গোলাগুলির সময় ছোটভাইকে আনতে গিয়ে মিজান গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
নিহত সাইফুল ইসলাম বাদশার বাবা মোক্তার আহমদ (৫০) বলেন, তাঁর ছেলে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। বিজিবির গুলিতে তাঁর ছেলের মৃত্যু হয়েছে বলে তিনি জানান। এখন মামলা করলে কোনো বিচার পাবো না-তাই থানায় যাচ্ছি না।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ারা বেগম বলেন, গত শুক্রবার দুপুর ১২টা থেকে এই পৌরসভা এলাকায় সভাসমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমাবেশ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একাধিক সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পৌরসভায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
এদিকে গত শুক্রবার বিকালে শহরের পাবলিক হল মাঠে বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগের নেতারা জনগণকে বিএনপি-জামায়াতের নৈরাজ্য সম্পর্কে সচেতন থাকতে বলেছেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) একে আহমদ হোসেন বলেন, রোহিঙ্গাদের দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত করছে বিএনপি-জামায়াত।
এদিক চকরিয়া হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করে কক্সবাজার-৩ ( সদর-রামু) আসনের বিএনপির সাংসদ লুৎফুর রহমান বলেন, প্রশাসন এখন নিরপেক্ষভাবে কাজ করছে না। ২৪ অক্টোবরের পর সরকার ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে। ৭ নভেম্বরের পর এই সরকারের কবর রচনা করা হবে।
কক্সবাজার পৌরবিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং এই সরকারকে হঠাতে আমরা মাঠে থাকব।’
শহরের টেকপাড়া বার্মিজ মার্কেটের ব্যবসায়ী সাচিং রাখাইন বলেন, ‘দোকানপাট খুলতে পারছি না। কখন সংঘর্ষ শুরু হবে বলা যায় না, তাই দোকানের ঝাপ অর্ধেক খোলা রাখি।’