কক্সবাজারে আধঘণ্টা বৃষ্টিতেই হাঁটুপানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধঘণ্টা বৃষ্টি হলেই কক্সবাজার পৌরসভার প্রধান সড়কসহ অলিগলিতে হাঁটুপানি জমে যায়। সড়কের পাশে নির্মিত নালা-নর্দমা ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি সড়কের ওপর উপচে পড়ে। ফলে রাস্তাসংলগ্ন দোকানপাট, বাড়িঘর বৃষ্টির পানিতে প্লাবিত হয়। এতে নিচু এলাকার বাসিন্দা, পথচারী ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, শহরের হলিডে মোড় থেকে হাশেমিয়া মাদ্রাসা পর্যন্ত প্রায় চার কিলোমিটারব্যাপী প্রধান সড়কের দুই পাশে পানি চলাচলের প্রশস্ত নালা নেই। সরু যে নালা রয়েছে তা-ও ময়লা-আবর্জনা আর মাটিতে ভরাট হয়ে গেছে। ফলে অল্প বৃষ্টি হলেই শহরের বাজারঘাটা, বড়বাজার, পেশকারপাড়া, ঘোনারপাড়া, বৌদ্ধমন্দির, গোলদীঘিরপাড়, টেকপাড়া, কলাতলীসহ বিভিন্ন এলাকায় মারাত্মক জলাবদ্ধতা দেখা দিচ্ছে। বৃষ্টির পর সড়কের ওপর কয়েক ইঞ্চি পুরু কাদাও জমে যাচ্ছে।বাজারঘাটার ব্যবসায়ী সরওয়ার কামাল বলেন, ‘২৩ মে সকালে ২০ মিনিটের বৃষ্টিতে কয়েক শ দোকান প্লাবিত হয়। দোকানের ভেতর সড়কের পানি ঢুকে কয়েক লাখ টাকার মালামাল নষ্ট হয়। দোকানের সামনে যে নালাটি পৌরসভা তৈরি করে, সেটি গত বছরে একবারও পরিষ্কার করা হয়নি।’বৌদ্ধমন্দির এলাকার ব্যবসায়ী সাধন ধর বলেন, ‘বৃষ্টি হলেই সড়ক উপচে বাড়িতে পানি ঢুকে পড়ে। জলাবদ্ধতাই এখন এলাকার প্রধান সমস্যা।’ কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী সানজিদা আকতার বলেন, ‘শহরের গুরুত্বপূর্ণ বৌদ্ধমন্দির সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। কিন্তু বৃষ্টির পর শিক্ষার্থীদের নোংরা পানি ও কাদা মাড়িয়ে চলাচল করতে হয়।’ কক্সবাজার দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ বলেন, ‘জলাবদ্ধতার কারণে ব্যবসা-বাণিজ্য করা যাচ্ছে না। বড়বাজারে ঢোকার সরু গলিটি অল্প বৃষ্টির পানিতে তলিয়ে যায়। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়কে সমস্যায় পড়তে হচ্ছে।’ পৌরসভার বিভিন্ন সড়কে নালা-নর্দমা ভরাট এবং জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করেছেন পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজ বিহারী দাশ। প্রথম আলোকে তিনি বলেন, ‘কয়েক দিন আগে ভরাট হয়ে যাওয়া ১৭টি নালা পরিষ্কার ও সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু নানা অসংগতির কারণে ওই দরপত্র বাতিল করা হয়। শিগগির নতুন দরপত্র আহ্বান করে শহরকে জলাবদ্ধতামুক্ত রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।’