
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে পর্যটন করপোরেশনের গলফ মাঠে নির্মিত হয়েছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। ৫১ একর জমিতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি নির্মাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এটির নামকরণ করা হয়েছে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম’।
আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্টেডিয়াম উদ্বোধন করবেন। গত বছরের ৩ সেপ্টেম্বর শেখ হাসিনা উখিয়া উচ্চবিদ্যালয় মাঠে দলীয় জনসভায় কক্সবাজারের ৪৬টি উন্নয়ন প্রকল্পের পাশাপাশি এই ক্রিকেট স্টেডিয়ামেরও ভিত্তিফলক উন্মোচন করেন।
বিসিবি সূত্র জানায়, স্টেডিয়ামের অন্যান্য খালি জায়গায় দৃষ্টিনন্দন একাডেমিক ভবন, তারকা মানের হোটেল, জিমনেশিয়াম, সুইমিং জোন তৈরি করা হবে। তখন এটি হবে দেশের অন্যতম আকর্ষণীয় একটি স্টেডিয়াম। আর তখন পর্যটক বাড়ার পাশাপাশি হোটেল-মোটেলসহ নানা ব্যবসার উন্নয়ন ঘটবে। পাল্টে যাবে কক্সবাজারের চেহারা।
১৮ ফেব্রুয়ারি বিসিবির সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে একটি দল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন। তাঁরা স্টেডিয়ামের মূল মাঠ, পিচ, গ্যালারি, প্রেসবক্স পরিদর্শন করে নির্মাণকাজে সন্তোষ প্রকাশ করেন।
বিসিবির সভাপতি নাজমুল হাসান বলেন, আন্তর্জাতিক ম্যাচসহ সব ধরনের খেলার জন্য এই স্টেডিয়াম এখন প্রস্তুত। ২০১৪ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ এই স্টেডিয়ামে হবে কি না, জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, কক্সবাজারবাসীর হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই স্টেডিয়ামে টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ না হলেও বেশ কিছু প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৪ মার্চ পাকিস্তান মহিলা দল বাংলাদেশ আসবে। তাদের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। ৯ মার্চ আসবে ভারতের মহিলা দল। তাদের সঙ্গেও তিনটি প্রস্তুতি ম্যাচ হবে এই স্টেডিয়ামে।
নাজমুল হাসান জানান, মহিলা বিশ্বকাপ খেলার জন্য শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পুরোপুরি তৈরি। কিন্তু নতুন পিচে কোনো খেলা হয়নি বলে শেষ মুহূর্তে বিভিন্ন দল বিশ্বকাপ ম্যাচ খেলতে রাজি হয়নি। এদিকে পর্যটন করপোরেশন স্টেডিয়াম তৈরির ৫১ একর জমি এখনো বিসিবিকে হস্তান্তর করেনি। দ্রুততম সময়ের মধ্যে জমিটি হস্তান্তর হলে সরকারি অর্থে এখানে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হবে। যেখানে থাকবে দৃষ্টিনন্দন একাডেমিক ভবন, তারকা মানের হোটেল, জিমনেশিয়াম, সুইমিং জোনসহ অনেক কিছু।
কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, সমুদ্রসৈকতে দৃষ্টিনন্দন এই ক্রিকেট স্টেডিয়াম যে কারও মন ছুঁয়ে যাবে। এই স্টেডিয়ামের গ্যালারিতে বসেই ক্রিকেট খেলা দেখার পাশাপাশি সমুদ্র দর্শনে দেশি-বিদেশি পর্যটকেরা মুগ্ধ হবেন।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, আন্তর্জাতিক মানের এই ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কক্সবাজারবাসীর প্রাণের দাবি ছিল। বর্তমান সরকার সেই দাবি পূরণ করেছে।