কক্সবাজারে আরেক সুন্দরবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিকে বঙ্গোপসাগর ও এক দিকে বাঁকখালী নদীর মোহনা। এর মাঝে প্রায় ৬০০ হেক্টর জমিতে বাইন, কেওড়াসহ নানা প্রজাতির শ্বাসমূলী উদ্ভিদের (ম্যানগ্রোভ) বন। গাছের মাথা ছুঁয়ে উড়ে যাওয়া বকের সারি, পরিযায়ী পাখি, ছুটন্ত হরিণ কিংবা বন্য শূকর দেখে মনে হবে, এ বুঝি আরেক সুন্দরবন। কক্সবাজার, মহেশখালী-কুতুবদিয়া ও সোনাদিয়া উপকূলে যাওয়ার পথে বাঁকখালী নদীর মোহনায় দেখা মেলে এই বনের।পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ঝড়-জলোচ্ছ্বাসের কবল থেকে উপকূলীয় এলাকার মানুষকে রক্ষার জন্যই মূলত এই বন গড়ে তোলা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ‘জলবায়ু পরিবর্তনবিষয়ক সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন’ নামের প্রকল্পের আওতায় কক্সবাজার উপকূলে শ্বাসমূলী উদ্ভিদের বন সৃষ্টির কাজ করছে চারটি বেসরকারি সংস্থা। কক্সবাজার শহর থেকে লঞ্চ অথবা স্পিডবোটে করে যাওয়া যায় এই বনে। এখানে নানা প্রজাতির পাখি, হরিণ, বন্য শূকর, অজগর, শিয়াল, বানরসহ নানা প্রাণীর বসবাস। বনের এই এলাকা থেকে স্পিডবোটে উত্তর দিকে আরও পাঁচ মিনিট গেলে নজরে পড়ে সোনাদিয়ার সবুজ প্যারাবন। প্রায় সাড়ে সাত হাজার একরবিশিষ্ট সোনাদিয়ার বনে কেওড়া, বাইনসহ নানা প্রজাতির গাছ আছে। সামুদ্রিক কাছিম, কাঁকড়াসহ নানা জাতের বন্য প্রাণীর দেখা মেলে এই বনটিতে। গত বৃহস্পতিবার দুপুরে স্পিডবোটে করে বাঁকখালীর মোহনায় গিয়ে দেখা যায়, ইংরেজি ‘ইউ’ অক্ষরের আকৃতির ছোট খালের দুই পাশের চরে লাখ লাখ কেওড়া ও বাইনগাছের সারি। বক ও পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর গোটা এলাকা। জোয়ারের সময় খালের পানি বৃদ্ধি পেলে পুরো বন ডুবে যায়। তখন পানির ওপরে দাঁড়িয়ে থাকে কেবল গাছের ডালপালা। ঢাকা থেকে আসা পর্যটক সাইফুল ইসলাম (৩৪) বলেন, ‘২০০৮ সালে বন্ধুদের নিয়ে খুলনার সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম। নৌকা নিয়ে সুন্দরবন পরিদর্শনের সময় বাঘ, হরিণসহ অসংখ্য পাখি নজরে পড়ে। কক্সবাজারের এই ‘সুন্দরবন’ খুলনার মতো না হলেও অপূর্ব সুন্দর। বঙ্গোপসাগর আর বাঁকখালীর মোহনায় এই বন গড়ে ওঠায় পর্যটকেরা সহজেই আকৃষ্ট হবে। এই বনের পাশে পর্যবেক্ষণ টাওয়ার ও বিনোদনকেন্দ্র তৈরি করা গেলে এখানেও পর্যটকের ঢল নামবে।’ আরও তিনটি সংস্থার সঙ্গে বেসরকারি সংস্থা ন্যাচারাল কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (নেকম) এই বন সৃজনের কাজ করছে। নেকমের কক্সবাজার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, এই বনে (প্যারাবন) ১২ হাজারেরও বেশি প্রাণী ও উদ্ভিদের প্রজাতি রয়েছে। এর মধ্যে উদ্ভিদ রয়েছে ৫৬৭ প্রজাতির। শামুক-ঝিনুক রয়েছে ১৬২ প্রজাতির, কাঁকড়া ২১ প্রজাতির, চিংড়ি ১৯ প্রজাতির, লবস্টার দুই প্রজাতির, মাছ ২০৭ প্রজাতির, উভচর ১২ প্রজাতির ও ১৯ প্রজাতির সরীসৃপ।প্রকল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ধ্বংসের কারণে গত কয়েক বছরে বহু প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এ কারণে এমন বন সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে। দু-তিন বছর পর গাছের উচ্চতা আরও বাড়লে সুন্দরবনের রূপ ও সৌন্দর্যও বাড়বে। নেকমের মহেশখালী কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, ‘সোনাদিয়ার চারপাশের বালিয়াড়িতে গড়ে তোলা হচ্ছে নিশিন্দা, হাওড়া, আকন্দ ও কেয়াগাছের বেষ্টনী। দ্বীপের পশ্চিম অংশে বেলাকদিয়া খালের প্রায় এক কিলোমিটার অংশে মাছের অভয়ারণ্য সৃষ্টি করা হয়েছে। সংরক্ষণ করা হয়েছে প্রাকৃতিক খাল ও জলাধার। ১৫২টি পরিবারের ১৫২ জন সদস্যের মাধ্যমে এই বন সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।’নেকমের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘সুন্দরবন বা এই প্যারাবনে ২০৬ প্রজাতির পাখির বিচরণ রয়েছে। এর মধ্যে দেশীয় ১৪৯ প্রজাতি এবং ৫৭ প্রজাতির অতিথি পাখি রয়েছে। বিশ্বের বিলুপ্ত প্রায় অনেক পাখিও সোনাদিয়ায় দেখা যায়।’ তবে কক্সবাজার উপকূলের শ্বাসমূলী বনসহ মহেশখালী ও সোনাদিয়ার বিশাল প্যারাবন প্রায় অরক্ষিত অবস্থায় রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, রক্ষার উদ্যোগ না নিলে দ্রুত উজাড় হবে এই বন।উপকূলীয় বন বিভাগের ঘটিভাঙ্গা বিট কর্মকর্তা অসীম কুমার বড়ুয়া বলেন, ‘একসময় প্রভাবশালীরা প্যারাবনের হাজার হাজার গাছ নিধন করে চিংড়িঘের তৈরি করেছেন। এখন তা বন্ধ রয়েছে। লোকবল বাড়ানো গেলে প্যারাবনের গাছ চুরিও প্রতিরোধ করা সম্ভব হতো। এ ক্ষেত্রে সোনাদিয়ায় বন বিভাগের একটি কার্যালয় স্থাপন করে লোকবল নিয়োগ দেওয়া দরকার।’ সংশ্লিষ্ট বন কর্মকর্তারা বলেন, ‘সোনাদিয়ার প্রায় সাড়ে সাত হাজার একর প্যারাবনের কোনো সীমানা নাই। যখন তখন বনে ঢুকে যে কেউ গাছ কেটে নিয়ে যেতে পারে। বিশাল এই প্যারাবন রক্ষার দায়িত্ব পালন করেন মাত্র চারজন বনকর্মী। তা ছাড়া অস্ত্রধারী সন্ত্রাসী ও গাছ চোরদের প্রতিরোধে বন বিভাগের নেই কোনো যানবাহন ও নৌকা। তাই গাছ কাটা বন্ধ করা যাচ্ছে না।’