কক্সবাজারে আড়াই হাজার টমটম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনশহর কক্সবাজারের কয়েক কিলোমিটারের প্রধান সড়কে প্রায় আড়াই হাজার ব্যাটারিচালিত টমটম ও ১৫ হাজারের বেশি রিকশা চলাচল করে। এর মধ্যে দুই হাজার টমটম ও ১২ হাজার রিকশাই চলছে অবৈধভাবে। ছোট্ট এ শহরে অসংখ্য টমটম ও রিকশার উৎপাতের ফলে সারাদিনই যানজট লেগে থাকে। অন্যদিকে আড়াই হাজার টমটমের ১৪ হাজারের মতো ব্যাটারির চার্জ দিতে প্রতিদিন গড়ে প্রায় তিন মেগাওয়াট বিদ্যুৎ অপচয় হচ্ছে। অভিযোগ রয়েছে, শহরের বিভিন্ন স্থানে শতাধিক গ্যারেজ খুলে বিভিন্ন শ্রেণীর গ্রাহকের মিটার কিংবা বিদ্যুতের লাইন থেকে চুরি করে এসব ব্যাটারি চার্জ করা হচ্ছে। এতে একই সঙ্গে সংশ্লিষ্ট গ্রাহক ও বিদ্যুৎ বিভাগ বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। অপরদিকে এভাবে বিদ্যুৎ চুরির ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। এসব টমটম গাড়ির অবৈধ চলাচল ও বিদ্যুতের অপচয় বন্ধে প্রশাসনের কোনো উদ্যোগ নেই।পৌরসভা কর্তৃপক্ষ গত ঈদের পর অভিযান চালিয়ে এসব টমটমের অবৈধ চলাচল বন্ধ করার আশ্বাস দিলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে শহরে অনেকে নতুন করে টমটম তৈরি করে রাস্তায় নামাচ্ছেন। পৌরসভার মেয়র সরওয়ার কামাল জানান, বর্তমানে শহরের প্রধান সড়কে চলাচলরত প্রায় আড়াই হাজার টমটমের মধ্যে পৌরসভার অনুমোদন (লাইসেন্স) রয়েছে ৪৯০টির। বাকি দুহাজারের মতো টমটম চলছে অবৈধভাবে। টমটমের অনুমোদন কে দেবেন—এ নিয়ে পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে বিআরটিএর মতবিরোধও চলছে। তিনি বলেন, ‘ঈদের পরে অবৈধ টমটম চলাচল বন্ধের সিদ্ধান্ত থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। কিছুদিনের মধ্যে এ ব্যাপারে অভিযান চালানো হবে।’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার কয়েকজন কাউন্সিলর জানান, আগামী ডিসেম্বর অথবা নতুন বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে পৌরসভা নির্বাচন হতে পারে। এ কারণে টমটমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কেউ রাজি হচ্ছেন না। কারণ এতে টমটমের সঙ্গে সংশ্লিষ্ট ১৫ হাজারের মতো ভোট পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। একইভাবে অবৈধভাবে চলাচলকারী রিকশার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। দেখা গেছে, প্রধান সড়কের দুপাশে, বিভিন্ন গলি-উপগলি এবং বাসাবাড়িতে শত শত গ্যারেজ খুলে টমটমের ব্যাটারিগুলো (প্রতিটি টমটমে পাঁচ-ছয়টি ব্যাটারি থাকে) চার্জ করা হয়। গ্যারেজের মালিকেরা প্রতিটি ব্যাটারি চার্জ বাবদ ২০-৪০ টাকা করে হাতিয়ে নিচ্ছেন। বেশির ভাগ গ্যারেজে রয়েছে বিদ্যুতের অবৈধ সংযোগ। কেউ কেউ আবাসিক মিটার থেকে লাইন নিয়ে (তার টেনে) ব্যাটারি চার্জের ব্যবসা চালাচ্ছেন। ফলে নগরে লোডশেডিংয়ের চাপ বাড়ছে। এতে সাধারণ গ্রাহকদের দুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি বিদ্যুতের অপচয়ের কারণে লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে সরকারের। টমটমচালক আমিনুল ইসলাম (২৩) জানান, এক লাখ ২০ হাজার টাকা দিয়ে তিন মাস আগে তিনি একটি টমটম গাড়ি কিনে নিজেই চালাচ্ছেন। তাঁর কোনো প্রশিক্ষণও নেই। তাঁর মতে, টমটম চালাতে প্রশিক্ষণের প্রয়োজন নেই। মোটরসাইকেল চালাতে জানা যে কেউ টমটম চালাতে পারেন। জানা যায়, সারাদিন টমটম চালিয়ে ৮০০-৯০০ টাকা পাওয়া যায়। বিনিয়োগের তুলনায় লাভ বেশি হওয়ায় শিক্ষিত বেকার যুবকেরাও টমটম ব্যবসায় নামছেন। কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা ৪৩ মেগাওয়াট। প্রতিদিন বিদ্যুৎ পাওয়া যায় ১৪-১৫ মেগাওয়াট। এর মধ্যে তিন মেগাওয়াট বিদ্যুৎ খেয়ে ফেলছে টমটম গাড়ি। সরকারি সিদ্ধান্তে সারা দেশের মতো কক্সবাজারেও নতুন করে বিদ্যুতের সংযোগ বন্ধ রয়েছে। ফলে লোকজন চোরাই লাইন এবং বাসাবাড়ির অবাসিক মিটার থেকে টমটমের ব্যাটারি চার্জ করাচ্ছেন।’ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘টমটমের কারণে শহরে বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে। লোডশেডিং বেশি করতে হচ্ছে। রাতের বেলায় একই সঙ্গে ১৫-২০টি টমটমের ব্যাটারি চার্জ দেওয়ার ফলে ঘনঘন ট্রান্সফরমার বিকল হচ্ছে। বিভিন্ন সময় অভিযান চালিয়ে ৫০টির বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে গ্যারেজমালিকের বিরুদ্ধে মামলা ও ১২ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। এরপরও বিদ্যুৎ চুরি ঠেকানো যাচ্ছে না।’ বিআরটিএ কক্সবাজার কার্যালয়ের মোটরযান পরিদর্শক মোশাররফ হোসাইন বলেন, ‘আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে নিয়মিত অভিযান চালাই। কিন্তু অভিযান শেষে আবার অবৈধ যানবাহন চলাচল শুরু হয়। ট্রাফিক পুলিশ চাইলে যেকোনো মুহূর্তে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে পারে।’কক্সবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া জানান, পুলিশ প্রায় প্রতিদিন যানবাহন আটক ও জরিমানা আদায় করে। অবৈধ গাড়ির তালিকা বিআরটিএর কাছে থাকে। তালিকাটি পুলিশের কাছে সরবরাহ করলে ভালো হয়।