কক্সবাজারে ইন্টারনেট উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো পৃথিবীর পাঠশালায়’—কক্সবাজারে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব আজ রোববার সকাল নয়টা থেকে শুরু হচ্ছে। কক্সবাজার সরকারি মহিলা কলেজ মাঠে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। উৎসবে যোগ দিচ্ছে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুল, সৈকত বালিকা উচ্চবিদ্যালয়, প্রিপারেটরি উচ্চবিদ্যালয়, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার কমার্স কলেজ, কক্সবাজার সরকারি মহিলা কলেজ ও কক্সবাজার সরকারি কলেজের কয়েক হাজার শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহযোগিতায় কক্সবাজারের পাশাপাশি সারা দেশের ১২০টি ভেন্যুতে এই উৎসব অনুষ্ঠিত হবে। ইন্টারনেট উৎসবে সহযোগী হিসেবে থাকছে চ্যানেল আই, ফেসবুক, গুগল, অপেরা মিনি, উইকিপিডিয়া ও নকিয়া। ইন্টারনেট উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। ১১ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্টারনেট উৎসব নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুল ইসলাম, আমেনা খাতুন, ইব্রাহিম খলিল, শাহজাহান কবির, সুমন তালুকদার প্রমুখ। এ ছাড়া গত শুক্র ও শনিবার কক্সবাজার সরকারি মহিলা কলেজ, সৈকত বালিকা উচ্চবিদ্যালয় ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আই-জিনিয়াস পুরস্কার ছিনিয়ে নিতে শিক্ষার্থীদের মধ্যে মহাপ্রস্তুতি লক্ষ করা গেছে। উৎসব কেন্দ্রে ফেসবুক, গুগল, অপেরামিনি, উইকিপিডিয়া, নকিয়া, গ্রামীণফোন ও প্রথম আলোর সাতটি বুথ থাকবে। দর্শনার্থীরা এসব বুথ থেকে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করতে পারবে। বুথগুলোতে নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগও রয়েছে।