কক্সবাজারে ইয়াবা ও অবৈধ অস্ত্র ধরতে মাঠে গোয়েন্দা পুলিশ
কক্সবাজারে ইয়াবা ও অবৈধ অস্ত্র ধরতে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ। অভিযানে বিভিন্ন সময়ে ধরা পড়ছে অপরাধীরা। উদ্ধার হচ্ছে অস্ত্র ও ইয়াবা।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গত পাঁচ মাসে ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার ৯৩ হাজার পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি ৩০২ জন অবৈধ অস্ত্রধারী, ইয়াবা ব্যবসায়ী, আদম পাচারের দালাল, ছিনতাইকারী, ইভ টিজারসহ বিভিন্ন মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করে। উদ্ধার করে ১০ রাউন্ড কার্তুজসহ ১০টি অবৈধ অস্ত্র।
গোয়েন্দা পুলিশের ( ওসি-ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মনজুরুল আলম বলেন, সম্প্রতি ইয়াবা পাচারকারী, মালয়েশিয়ায় আদম পাচারকারী দালাল, উপকূলের জলদস্যু ও পাহাড়ের সন্ত্রাসী দলের হাতে অবৈধ অস্ত্র চলে যাচ্ছে। তা ছাড়া ইয়াবা ও আদম পাচার বেড়ে যাচ্ছে। এসব নিয়ন্ত্রণে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মাঠে নেমেছে। ইতিমধ্যে গোয়েন্দা পুলিশের সঙ্গে ইয়াবা সন্ত্রাসীদের মধ্যে তিনটি বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটেছে।
বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বেশ কয়েকজন ইয়াবা গডফাদারকেও ধরা সম্ভব হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে গোয়েন্দা পুলিশের পৃথক চারটি দল টেকনাফ-কক্সবাজার মহাসড়ক, সৈকতের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক, রামু ও কক্সবাজার পৌরসভার বিভিন্ন স্থানে অবস্থান করে।
একটি দলের প্রধান উপপরিদর্শক মো. ইউনুস বলেন, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিনে গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় হাজার ইয়াবাসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে। আরেক দলের প্রধান উপপরিদর্শক কামাল আব্বাস জানান, ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি তাঁরা সাদা পোশাকে মহিলা কলেজ ও বিদ্যালয়গুলোতে নজর রাখছেন।