কক্সবাজারে ঈদবাজার জমজমাট
জনপ্রিয় হিন্দি গান ‘শিলা কি জওয়ানি’ থেকেই পোশাকের নামকরণ হয়েছে ‘শিলা ড্রেস’। তরুণীদের পছন্দের কাপড়। দামের কথা ভাবছেন ? মাত্র সাত থেকে ১৫ হাজার টাকা। আর দাবাং শাড়ি? সর্বোচ্চ ২৬ হাজার টাকা। ডিংকাচিকা, মোগল-ই-আজম, আনারকলি, মুন্নি, কাইলি, চিগিবিগি, অর্গ্যান্ডিসহ জমকালো নামিদামি নানা পোশাকে ভরপুর কক্সবাজার শহরের বিপণিকেন্দ্রগুলো। এসব বিপণিতে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে জমজমাট বেচাবিক্রি।শহরের ফিরোজা শপিং কমপ্লেক্সের শাড়ির দোকান রাঙাবউয়ের স্বত্বাধিকারী আরিফ মাহমুদ জানান, হিন্দি ছবি দাবাং -এর নায়িকা সোনাক্ষি যে শাড়ি পরেছিলেন, তারই অনুকরণে দাবাং শাড়ি তৈরি করা হয়। তরুণী, গৃহবধূ সবার পছন্দ এই শাড়ি। কিন্তু দাম বেশি হওয়ায় অনেকের ইচ্ছে পূরণ হচ্ছে না। সমবায় সুপার মার্কেটের শৌখিন বস্ত্রালয়ের কর্মচারী মোহাম্মদ মকসুদ (২৩) জানান, হিন্দি ছবি ও টিভি সিরিয়ালের নামে তৈরি থ্রি-পিসের মধ্যে ডিংকাচিকা, অর্গ্যান্ডি, কমল, বেশ বিক্রি হচ্ছে। শহরের ইডেন গার্ডেন সিটি, সিকুইন, নিউ মার্কেট, ফজল মার্কেট, সৈকত সুপার মার্কেট, এ সালাম ও রশিদ কমপ্লেক্সে মানসম্পন্ন তৈরি পোশাকের জন্য ক্রেতারা ভিড় করছেন। সিকুইন মার্কেটের নয়ন ফ্যাশন, আধুনিকা, ফজল মার্কেটের সাঈদ ফ্যাশন, অঙ্কুরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ঈদে মেয়ে শিশুদের জন্য এনেছে আকর্ষণীয় ডিজাইনের থ্রি-পিস জিপসি, আনারকলি, স্কার্ট ও লেহেঙ্গা।তরুণীদের জন্য ভারত ও পাকিস্তানে তৈরি থ্রি-পিস আনারকলি, জিপসি ও মোগল-ই-আজম। মোগল-ই-আজম তিন থেকে আট হাজার টাকা। মাখনের কাজ করা লেহেঙ্গার দাম আড়াই থেকে সাত হাজার টাকা। আইকন কাপড় দিয়ে তৈরি লেহেঙ্গার দাম পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা। বিভিন্ন বিপণি বিতানে পুরুষদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে এক হাজার থেকে ছয় হাজার ৮০০ টাকা পর্যন্ত। হকার্স মার্কেটে নিম্ন মধ্যবিত্তদের ভিড় বেশি। এখানে সাজিয়ে রাখা হয় বাহারি যত পোশাক। এর মধ্যে বাচ্চাদের কারিনা ফ্রক, শাকিরা ফ্রক, আলিকা ফ্রক ও থ্রি-পিস বেশি বিক্রি হচ্ছে—৫০০ থেকে এক হাজার ২০০ টাকায়।ছেলেদের ফ্যাশনের কথা মাথায় রেখে ক্যাটস আই, প্লাস পয়েন্ট, নক্ষত্র, বাঙালি বাবু, শৈল্পিকসহ বিভিন্ন অভিজাত প্রতিষ্ঠান সাজিয়ে রেখেছে শার্ট, প্যান্ট, জিন্স, পাঞ্জাবি, ফতুয়া, শর্ট প্যান্ট, শেরওয়ানি ইত্যাদি। দাম ৬৯০ থেকে দুই হাজার ৯৯০ টাকা। ক্যাটস আই-এর বিক্রয় ব্যবস্থাপক শাহনাজ মজুমদার বলেন, ‘বিভিন্ন বয়সের এবং বিভিন্ন রুচির মানুষের কথা মাথায় রেখে আমরা ঈদের পোশাক তুলেছি। বেচাবিক্রিও ভালো হচ্ছে।’ ম্যাচিং করা বিভিন্ন গয়নাসামগ্রী কেনার জন্য নারীরা সিকুইন মার্কেটের আধুনিকা স্টোর, নয়ন ফ্যাশন, সুপার মার্কেটের আগমন, সৈকত সুপার মার্কেটের পেশল, নিউমার্কেটের রাশেদা ফেন্সি কসমেটিকসহ বিভিন্ন দোকানে ভিড় করছেন। এখানে স্টোন দিয়ে তৈরি চুড়ি বেচাবিক্রি হচ্ছে ভালো। দাম ৫০০ থেকে তিন হাজার টাকা।মানসম্পন্ন জুতার জন্য শহরের পানবাজার সড়কের বাটাবাজার, মিমি শু, স্বপ্নপুরী, চায়না বাজার, আজাদ শু, পারভেজ শু, ঝাউতলার অ্যাপেক্স গ্যালারি ও অ্যাডিডাসে ক্রেতাদের ভিড় বেশি।