এবারের এইচএচসি পরীক্ষায় কক্সবাজার জেলার ২০টি কলেজের মধ্যে পাঁচটি কলেজে জিপিএ-৫ পেয়েছেন ৫২ জন। এবারের পাসের হার ৭০ দশমিক ৮৬ শতাংশ। মাদ্রাসা ও কারিগরি পরীক্ষায় এবারের ফলাফল গতবারের তুলনায় ভালো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে শীর্ষাবস্থান ধরে রেখেছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজ। এই কলেজে জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন। তিনজন জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মহেশখালী ডিগ্রি কলেজ। চকরিয়ার ডুলাহাজারা ডিগ্রি কলেজে জিপিএ-৫ পেয়েছে দুজন। আর একজন করে জিপিএ-৫ পেয়েছেন কক্সবাজার সরকারি মহিলা কলেজ ও মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজ। পাসের হারের দিক থেকে শীর্ষে কক্সবাজার কর্মাস কলেজ। গতবারের মতো এবারও শতভাগ পাসের কৃতিত্ব ধরে রেখেছে এই কমার্স কলেজ। তবে কেউ জিপিএ-৫ পাননি। জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানায়, এবার জেলার ২০টি কলেজের অধীনে চার হাজার ১৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করে দুই হাজার ৯৩৬ জন। সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার সরকারি কলেজ থেকে ৬৪৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৫৭৪ জন। পাসের হার ৮৮ দশমিক ৪৪ শতাংশ। এই কলেজে জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন। এর মধ্যে বিজ্ঞানে ৩০, বাণিজ্যে ১৪ ও মানবিকে একজন। কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ছলিমুর রহমান জানান, ‘এবারও কলেজটিতে সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করতে পারায় আমরা খুশি। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার চেষ্টা চালাচ্ছি।’ মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন এবারের আলীম পরীক্ষায় জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৩তম ও ১৪তম স্থান অর্জন করে কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা ও কক্সবাজার আদর্শ বালিকা মাদ্রাসা। কারিগরিতে জিপিএ-৫ পেয়েছেন ছয় জনকারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা শাখায় জেলার ছয়টি কেন্দ্র থেকে এবার ৩০৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ২৮৬ জন। পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ছয়জন।