কক্সবাজারে এবিসির সাধারণ সভা
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স কক্সবাজারের (এবিসি) সাধারণ সভা গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এবিসির সাধারণ সম্পাদক সৈয়দ মফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইউসিবি, ডাচ্-বাংলা ব্যাংক, আল–আরাফাহ্ ব্যাংক, এনবিএল, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকেরা।
সভায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক তাহেরা বেগম ও তাঁর মেয়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এ ছাড়া ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মো. রোসাঙ্গীরের রোগমুক্তি কামনা করে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা তাহেরুল ইসলাম।
একই দিন ঢাকা ব্যাংকের উদ্যোগে কক্সবাজার শহরের কয়েকটি এতিমখানা ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
কক্সবাজার অফিস